ম্যাকলমোর বিতর্কের রেশ, এবার বাতিল এড শিরানের শো

Music World

নিউ ইংল্যান্ডজুড়ে তীব্র আবহাওয়ার সতর্কতার কারণে কনসার্ট দুটির আয়োজন বাতিলের সিদ্ধান্ত নেয় আয়োজক ও স্টেডিয়াম কর্তৃপক্ষ। স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। দর্শক, শিল্পী, কর্মীসহ অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবার নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। টিকিটের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

এড শিরানের জন্য সময়টা এমনিতেই বেশ আলোচিত। তাঁর ‘লুপ ট্যুর’-এর শুরু থেকেই অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছেন ম্যাকলমোর। এড শিরানের সঙ্গে সফরের অংশ হিসেবে পারফর্ম করার সময় ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেন এই মার্কিন র‍্যাপার। একটি পারফরম্যান্সে তিনি গাজা ও পশ্চিম তীরের মানুষের প্রতি সংহতি জানান এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দেন। পরে তাঁকে ট্যুরের বাকি অংশ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়।

ম্যাকলমোরকে বাদ দেওয়ার বিষয়ে এড শিরান পরে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। ফিলাডেলফিয়ায় ২০ সেপ্টেম্বরের কনসার্টে তিনি বলেন, ম্যাকলমোরকে ট্যুর থেকে সরানোর সিদ্ধান্ত তাঁর নেওয়া নয়; এটি ট্যুরের আয়োজক ও ভেন্যু-সংশ্লিষ্ট সিদ্ধান্ত ছিল। একই অনুষ্ঠানে গাজায় চলমান পরিস্থিতিকে ‘বিপর্যয়কর ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন তিনি। ম্যাকলমোরকে বাদ দেওয়ার পর ট্যুরের আরও কয়েকজন শিল্পী ও এড শিরানের নিজস্ব ব্যান্ড ‘বিওগা’ সফর থেকে সরে দাঁড়ায়। তাঁরা ম্যাকলমোরের প্রতি সংহতি জানান। ফলে এড শিরানের পরবর্তী কয়েকটি শোতে আগের নির্ধারিত সাপোর্ট অ্যাক্ট ছাড়াই পারফর্ম করতে হয়েছে।

এর মধ্যেই ম্যাকলমোর ঘোষণা দেন, এড শিরানের ট্যুর থেকে পাওয়া নিজের প্রায় ১০ লাখ ডলারের আয় ফিলিস্তিনি জনগণের সহায়তায় কাজ করা ছয়টি সংগঠনকে দান করবেন। একই সঙ্গে তিনি গিলেট স্টেডিয়ামের মালিক রবার্ট ক্রাফটকে সেই অর্থের সমপরিমাণ দান করার আহ্বান জানান। এর পর রবার্ট ক্রাফট জানান, এড শিরান তাঁকে ওই অঞ্চলের মানবিক সংকট মোকাবিলায় ২০ লাখ ডলার দেওয়ার অনুরোধ করেছেন এবং তিনি সেই অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ওই অর্থ ঠিক কোন কোন সংস্থার মাধ্যমে দেওয়া হবে, তা প্রকাশ্যে স্পষ্ট করা হয়নি।

অন্যদিকে ম্যাকলমোরও থেমে থাকেননি। তিনি ‘ফ্রি প্যালেস্টাইন ট্যুর’ নামে নতুন কয়েকটি কনসার্টের ঘোষণা দিয়েছেন। ইউরোপের বিভিন্ন শহরে এসব আয়োজন থেকে পাওয়া অর্থ ফিলিস্তিনি সহায়তায় দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

এই বিতর্কের মধ্যেই গিলেট স্টেডিয়ামের দুটি শো বাতিল হওয়ায় এড শিরানের ট্যুর আবারও খবরের শিরোনামে এসেছে। তবে এবারের বাতিলের সঙ্গে ম্যাকলমোর বা ফিলিস্তিন-সংক্রান্ত বিতর্কের কোনো যোগসূত্রের কথা আয়োজকেরা বলেননি। আনুষ্ঠানিকভাবে কনসার্ট বাতিলের কারণ হিসেবে শুধু তীব্র আবহাওয়ার সতর্কতা এবং নিরাপত্তাজনিত উদ্বেগের কথাই জানানো হয়েছে।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *