সম্প্রতি প্রথম আলো ডটকমের নিয়মিত আয়োজন ‘মেরিল ক্যাফে লাইভ’-এ অংশ নিয়েছিলেন কনা। অনুষ্ঠানের ‘হিউমার বনাম রিউমার’ পর্বে উপস্থাপক মৌসুমী মৌ তাঁকে সরাসরি প্রশ্ন করেন, তিনি প্রেম করছেন কি না। জবাবে কনা বলেন, ‘নাহ্। আমি প্রেম করছি না। এটা রিউমার। আমি সুপার সিঙ্গেল।’
তবে ভবিষ্যতে প্রেমের সম্ভাবনা যে একেবারেই নেই, এমনটাও বলেননি গায়িকা। বরং কেউ তাঁকে পছন্দ করলে সেই সম্পর্ক ভবিষ্যতে অন্যদিকে গড়াতে পারে বলে জানিয়েছেন তিনি।
কনার কাছে সম্পর্কের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো চেহারা বা গুণের তালিকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ পারস্পরিক বোঝাপড়া। কেমন জীবনসঙ্গী চান, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তিনি এমন একজন মানুষ চান, যিনি তাঁকে ভালোবাসবেন এবং তাঁর সঙ্গে থাকতে চাইবেন।
নিজের স্বভাবের কথা বলতে গিয়ে কনা জানান, তিনি অনেক কিছু সহ্য করতে পারেন এবং পরিস্থিতির সঙ্গে মানিয়েও নিতে পারেন। এমনকি তাঁর বন্ধুরাও তাঁকে প্রায়ই বলেন, তিনি অন্যকে বেশি বোঝেন বলেই অনেক সময় নিজের জন্য ঝামেলা তৈরি করেন।
জীবনসঙ্গীর ক্ষেত্রে তাই তাঁর চাওয়াটাও খুব সরল। কনার ভাষায়, তিনি এমন একজন মানুষ চান, যিনি তাঁর সঙ্গে থাকতে চাইবেন। দুজনের মধ্যে ভালোবাসা ও পারস্পরিক সম্মতি থাকলে বাকি বিষয়গুলো সময়ের সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব বলেই মনে করেন তিনি।
সম্পর্কে ত্যাগ ও সমঝোতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন কনা। তাঁর মতে, দুজন মানুষ একসঙ্গে থাকলে কিছুটা স্যাক্রিফাইস ও কম্প্রোমাইজ থাকবেই। কারণ একসঙ্গে পথ চলতে গেলে দুজনের মধ্যে সেই সমন্বয় তৈরি হওয়াটা স্বাভাবিক।
২০১৯ সালের এপ্রিলে গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনকে বিয়ে করেছিলেন কনা। প্রায় ছয় বছর সংসার করার পর ২০২৫ সালের ১৬ জুন তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছিলেন কনা। তখন তিনি বলেছিলেন, সিদ্ধান্তটি দুজনের জন্যই কঠিন ছিল, তবে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিচ্ছেদের পর কনাকে ঘিরে নতুন সম্পর্কের নানা গুঞ্জনও সামনে আসে। বিশেষ করে বছরের শেষ দিকে মেহেদিরাঙা হাতের একটি ছবি প্রকাশের পর তাঁর বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। পরে জানা যায়, সেটি ছিল কনার ‘মেহেন্দি’ গানের শুটিংয়ের দৃশ্য। ছবিটির সঙ্গে তাঁর ব্যক্তিগত বিয়ের কোনো সম্পর্ক ছিল না।
এরই মধ্যে নতুন গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন কনা। সৈয়দ অমির সঙ্গে তাঁর দ্বৈত গান ‘আমপাতা জোড়া জোড়া’ প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। এছাড়া এলিটা করিমের সঙ্গে তাঁর দ্বৈত গান ‘বন্ধু প্রিয়’ ও শ্রোতাদের কাছে এসেছে। সোহেল আরমানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।
বর্তমানে প্রেমের সম্পর্কে না থাকলেও ভবিষ্যতের সম্ভাবনাকে পুরোপুরি বন্ধ করে দেননি কনা। তাঁর কথায় স্পষ্ট, জীবনে নতুন কেউ এলে ভালোবাসার সুযোগ রয়েছে, তবে সেই সম্পর্কের ভিত্তি হতে হবে পারস্পরিক ভালোবাসা, বোঝাপড়া ও একসঙ্গে থাকার ইচ্ছা।












