আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’। আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশন নতুন তারিখে কনসার্টটি আয়োজনের ঘোষণা দিয়েছে। এর আগে ২০২৫ সালের ৫ ডিসেম্বর ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ নামে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। তবে সে সময় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে কনসার্টটি স্থগিত করা হয়। প্রায় ১০ মাস পর নতুন করে আয়োজনের ঘোষণা এলো।
আয়োজকদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টের নতুন তারিখ জানানো হলেও নিরাপত্তাজনিত কারণে এখনো ভেন্যুর নাম প্রকাশ করা হয়নি। উপযুক্ত সময়ে অনুষ্ঠানস্থলের বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আয়োজকরা।
আগের আয়োজনের জন্য যারা টিকিট কিনেছিলেন, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না। পুরোনো টিকিট দিয়েই এবারের কনসার্টে প্রবেশ করা যাবে। পাশাপাশি নতুন দর্শকদের জন্য টিকিট বিক্রিও শুরু হয়েছে। সাধারণ শ্রেণির টিকিটের মূল্য ২ হাজার ৯৯৯ টাকা এবং ভিআইপি টিকিটের মূল্য ৫ হাজার ৪৯৯ টাকা।
কাভিশকে ঘিরেও রয়েছে বাংলাদেশের দর্শকদের আগ্রহ। ২০২৫ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো ঢাকায় পারফর্ম করেছিল পাকিস্তানের এই ব্যান্ড। জাফর জাইদি ও মাজ মাওদুদের হাত ধরে ১৯৯৮ সালে যাত্রা শুরু করা কাভিশ পরবর্তী সময়ে নিজস্ব সংগীতধারায় পাকিস্তানের পাশাপাশি আন্তর্জাতিক শ্রোতাদের কাছেও পরিচিতি পায়।

২০০৯ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘গুনকালি’। ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’ ও ‘ফাসলে’র মতো গান কাভিশকে শ্রোতাদের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে।
এবার কাভিশের সঙ্গে একই মঞ্চে দেখা যাবে দেশের ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলকে। মেঘদল সম্প্রতি কলকাতায় ‘মেঘের সঙ্গে চাঁদের দেখা’ কনসার্টে জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দুর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেছে। পাশাপাশি কোক স্টুডিও বাংলায় প্রকাশ পেয়েছে তাদের নতুন গান ‘মুল্লুক’।
অন্যদিকে দেশের বিভিন্ন মঞ্চে নিয়মিত পারফর্ম করছে শিরোনামহীন। কনসার্টের পাশাপাশি সম্প্রতি শ্রোতাদের জন্য নতুন গান ‘স্বপ্নের টিকিট’ প্রকাশ করেছে ব্যান্ডটি।
দীর্ঘ বিরতির পর কাভিশ, শিরোনামহীন ও মেঘদলের এক মঞ্চে পারফরম্যান্স ঘিরে ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ভেন্যুর নাম এখনো প্রকাশ না হলেও ২৬ সেপ্টেম্বরের আয়োজন নিয়ে শুরু হয়েছে দর্শকদের প্রস্তুতি।












