ক্যানসার সচেতনতায় দৌড়ালেন ঐশী

Health

স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা তৈরি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরতে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে ‘পিংক রান ২০২৬’। শুক্রবার ভোরে আয়োজিত এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেন কয়েক শ মানুষ। তাঁদের সঙ্গে ছিলেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী ও প্রিয়ন্তী ঊর্বী। প্রথমবারের মতো দৌড়ের এমন আয়োজনে অংশ নিয়ে সাড়ে সাত কিলোমিটার পথ পাড়ি দেন ঐশী। নতুন এই অভিজ্ঞতায় বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। দৌড় শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে প্রতিযোগিতার পরিবেশ নিয়ে মজার কথাও বলেন তিনি।
ঐশীর ভাষ্য, অক্টোবর স্তন ক্যানসার সচেতনতার মাস। মানুষের কল্যাণে ভূমিকা রাখা এবং সচেতনতা তৈরির সুযোগ রয়েছে, এমন উদ্যোগে অংশ নিতে চান তিনি। সে ভাবনা থেকেই পিংক রানে যুক্ত হওয়া।

দৌড়ের অভিজ্ঞতা নিয়ে হাস্যরসের ছলে ঐশী বলেন, প্রথমে তিনি বুঝতে পারেননি যে এখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়ার প্রতিযোগিতাও রয়েছে। তাই অনেকটা স্বাভাবিক গতিতেই দৌড়েছেন। পরেরবার আরও দ্রুত দৌড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে বলেন, ‘নেক্সট টাইম অনেক জোরে দৌড়াব।’

ঐশীর কাছে এটি ছিল প্রথম দৌড়ের অভিজ্ঞতা। তবে অভিনেত্রী প্রিয়ন্তী ঊর্বীর জন্য এমন আয়োজনে অংশ নেওয়া দ্বিতীয়বারের ঘটনা। স্তন ক্যানসার নিয়ে সমাজে খোলামেলা আলোচনা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
প্রিয়ন্তী বলেন, স্তন ক্যানসার নিয়ে কথা বলতে অনেকের মধ্যে একধরনের জড়তা কাজ করে। অনেকে বিষয়টি নিয়ে আলোচনা করতে চান না। তবে সচেতনতা ছড়িয়ে দিতে এখনই এ বিষয়ে কথা বলা জরুরি। ভবিষ্যতে প্রতি মাসে অন্তত একবার এ ধরনের আয়োজনে অংশ নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

হুমায়ূন আহমেদের ভক্তদের সংগঠন হিমু পরিবহন আয়োজন করে এবারের পিংক রান। সংগঠনটির সাধারণ সম্পাদক আহসান হাবিব জানান, গত ১২ বছর ধরে তাঁরা ক্যানসার সচেতনতা নিয়ে কাজ করছেন। সেই কার্যক্রমের ধারাবাহিকতায় এবারও আয়োজন করা হয়েছে এই দৌড়ের।
এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘টুগেদার অ্যাগেইনস্ট ব্রেস্ট ক্যানসার’।

এতে অংশগ্রহণকারীদের জন্য ছিল বিভিন্ন দূরত্বের দৌড়। বড়দের জন্য ১৫ কিলোমিটার ও সাড়ে সাত কিলোমিটারের পাশাপাশি শিশুদের জন্য রাখা হয়েছিল এক কিলোমিটার দৌড়ের ব্যবস্থা।
আয়োজকদের মূল লক্ষ্য স্তন ক্যানসার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে উৎসাহ দেওয়া এবং এ বিষয়ে সামাজিক সম্পৃক্ততা জোরদার করা। আয়োজনে টাইটেল পার্টনার হিসেবে ছিল রেনাটা পিএলসি, সহযোগী প্রতিষ্ঠান দ্য অ্যাথলেট এক্স এবং ফিচার পার্টনার ছিল প্রথম আলোর শনিবারের ক্রোড়পত্র ‘ছুটির দিন’। আরও কয়েকটি প্রতিষ্ঠান এ উদ্যোগে সহযোগিতা করেছে।

সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পিংক রান তারকাদের জন্যও হয়ে উঠেছে নতুন অভিজ্ঞতার উপলক্ষ। প্রথমবার সাড়ে সাত কিলোমিটার দৌড়ে ঐশীর অংশগ্রহণ আর পরেরবার আরও জোরে দৌড়ানোর প্রতিশ্রুতি সেই অভিজ্ঞতাকে দিয়েছে বাড়তি আনন্দের মাত্রা।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *