রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র নতুন সিজন ঘিরে এসেছে চমকপ্রদ খবর। নবম সিজনে বিচারকের আসনে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। আগের কয়েকটি সিজনে এই দায়িত্ব পালন করা চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমাকে এবার দেখা যাচ্ছে না। তাঁর পরিবর্তে জয়ার অন্তর্ভুক্তি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
গতকাল এক ভিডিও বার্তায় নিজেই বিচারক হওয়ার খবর নিশ্চিত করেছেন জয়া আহসান। রান্নাবিষয়ক কোনো রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব এবারই প্রথম পালন করতে যাচ্ছেন তিনি। এর আগে অবশ্য অন্য রিয়েলিটি শোতে বিচারকের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
ভিডিও বার্তায় জয়া বলেন, ‘কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনী সিজন ৯-এ বিচারক হিসেবে আমি থাকছি।’ রান্না করতে ভালোবাসেন কিংবা এ নিয়ে স্বপ্ন দেখেন, তাঁদের জন্য এই আয়োজন বিশেষ সুযোগ বলেও উল্লেখ করেন অভিনেত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, দুই দশক ধরে অনেক রাঁধুনির জীবন বদলে দেওয়ার গল্প তৈরি করেছে ‘সেরা রাঁধুনী’। শিগগিরই প্রতিযোগীদের সঙ্গে মঞ্চে দেখা হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।
বিচারক প্যানেলে দুই শেফ
জয়া আহসানের সঙ্গে এবারের বিচারক প্যানেলে থাকছেন পেশাদার দুই শেফ শুভব্রত মৈত্র ও শাহিদ শাহিন। ইতিমধ্যে শুরু হয়েছে ‘সেরা রাঁধুনী সিজন ৯’-এর নিবন্ধন কার্যক্রম, যা চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। প্রতিযোগিতায় বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে থাকছে ১৫ লাখ টাকা। অনুষ্ঠানটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।

কেন থাকছেন না পূর্ণিমা?
‘সেরা রাঁধুনী’র আগের আট সিজনের মধ্যে চারটিতে বিচারকের দায়িত্ব পালন করেছেন পূর্ণিমা। গত সিজনেও প্রতিযোগীদের রান্না চেখে সেরাদের বেছে নিয়েছিলেন তিনি। ফলে নতুন সিজনে তাঁর অনুপস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

এদিকে পূর্ণিমার মা হতে যাওয়ার গুঞ্জনও ছড়িয়েছে। গত শুক্রবার একটি রিয়েলিটি শোতে তাঁর অংশগ্রহণের পর সেখানকার একটি ভিডিও ঘিরে এই আলোচনা শুরু হয়। তবে মা হওয়ার খবর কিংবা ‘সেরা রাঁধুনী’র নতুন সিজনে না থাকার কারণ সম্পর্কে পূর্ণিমা এখনো কোনো মন্তব্য করেননি।
ফলে জয়া আহসানের নতুন দায়িত্ব যেমন দর্শকদের আগ্রহ বাড়াচ্ছে, তেমনি পূর্ণিমার অনুপস্থিতির কারণও থাকছে আলোচনায়। তবে তাঁর সরে দাঁড়ানোর সঙ্গে ব্যক্তিগত জীবনের গুঞ্জনের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার মতো তথ্য এখনো পাওয়া যায়নি।












