এই অর্জন উপলক্ষে মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের। ‘মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইটের ভূমিকা এবং মনির খান অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সফলতা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সিএলএপি মিউজিক পাবলিশিং ও পাথওয়ে অনলাইন ডেভেলপমেন্ট লিমিটেড।

অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করে মনির খান বলেন, ‘প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে যারা আমার গান ভালোবেসেছেন, সেই অগণিত শ্রোতা ও ভক্তদের অবদান ছাড়া এই অর্জন সম্ভব হতো না। সবার ভালোবাসা ও সহযোগিতার কারণেই আজ আমি এই অবস্থানে পৌঁছাতে পেরেছি।’
তিনি আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলা গানের এই সাফল্য কেবল তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং দেশের সংগীতশিল্পের জন্যও একটি ইতিবাচক বার্তা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সভাপতিত্ব করেন গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার। এ ছাড়া উপস্থিত ছিলেন বরেণ্য কণ্ঠশিল্পী খুরশীদ আলম, মিলন মাহমুদ, সংগীত পরিচালক শেখ সাদী খান, গীতিকবি রফিকুজ্জামানসহ সংগীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য, ২০১৬ সালের ৮ জুন যাত্রা শুরু করে ‘মনির খান’ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। একই বছরের ১৪ জুন প্রথম ভিডিও প্রকাশের পর থেকে সেখানে ধারাবাহিকভাবে শিল্পীর জনপ্রিয় পুরোনো গান, নতুন অডিও-ভিডিও এবং বিভিন্ন সংগীতনির্ভর কনটেন্ট প্রকাশিত হয়ে আসছে। দীর্ঘদিনের সেই পথচলার ধারাবাহিকতায় এবার ৩০ লাখ সাবস্ক্রাইবারের অনন্য মাইলফলক স্পর্শ করল চ্যানেলটি।












