সম্প্রতি এক সাক্ষাৎকারে নুসরাত ফারিয়া জানিয়েছেন, ‘লজ্জা’ সিনেমার চরিত্রের প্রয়োজনে তাঁকে উল্লেখযোগ্য পরিমাণ ওজন কমাতে হয়েছে। এতে চেহারায় ক্লান্তির ছাপ পড়ার পাশাপাশি মুখের স্বাভাবিক ভলিউমেও পরিবর্তন আসে। শুটিংয়ের আগে সেই প্রভাব কাটিয়ে উঠতেই চিকিৎসকের পরামর্শে বিশেষ এই স্কিন ট্রিটমেন্ট নিয়েছেন তিনি।

নিজের সৌন্দর্যচর্চা প্রসঙ্গে ফারিয়ার বক্তব্য, সৌন্দর্য সৃষ্টিকর্তার দান হলেও নিজের যত্ন নেওয়ার দায়িত্ব নিজেরই। তবে তিনি সব সময় চিকিৎসকের পরামর্শ মেনেই এ ধরনের চিকিৎসা গ্রহণ করেন। তাঁর মতে, অভিনয়ের প্রয়োজনে কখনো কখনো শারীরিক পরিবর্তন আনতে হয়। আর সেই পরিবর্তনের সঙ্গে ত্বক ও চেহারার যত্ন নেওয়াটাও গুরুত্বপূর্ণ।
‘লজ্জা’ সিনেমায় ঠিক কোন ধরনের চরিত্রে দেখা যাবে ফারিয়াকে, তা এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি। তবে অভিনেত্রীর দেওয়া আভাস অনুযায়ী, তাঁকে একজন পুলিশ কর্মকর্তা কিংবা কমান্ডো ঘরানার চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যেতে পারে। ফলে চরিত্রটির জন্য শারীরিক প্রস্তুতির পাশাপাশি পর্দায় বিশ্বাসযোগ্য উপস্থিতি তৈরির দিকেও গুরুত্ব দিচ্ছেন তিনি।

ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘লজ্জা’। সিনেমাটি পরিচালনা করছেন এম এইচ খোকন। সমাজসচেতনতামূলক গল্পের চিত্রনাট্য লিখেছেন আব্দুল আজিজ। ফারিয়ার পাশাপাশি এতে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। তবে অন্য অভিনয়শিল্পীদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
নতুন সিনেমার শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে। চরিত্রের জন্য ওজন কমানো থেকে শুরু করে ত্বকের বিশেষ যত্ন, সব মিলিয়ে প্রস্তুতির প্রতিটি ধাপে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ফারিয়া। দর্শকের সামনে চরিত্রটিকে কতটা বাস্তবসম্মতভাবে তুলে ধরতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।
এদিকে, বড় পর্দার পাশাপাশি ওয়েব কনটেন্টেও কাজ করছেন এই অভিনেত্রী। সবশেষ তাঁকে দেখা গেছে জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বীন থ্রি’ সিনেমায়। ‘লজ্জা’র শুটিংয়ে যোগ দেওয়ার আগে শেষ করেছেন ‘লাপাত্তা’ নামের একটি ওয়েব ফিল্মের কাজ। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই চলচ্চিত্রে তাঁর সঙ্গে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান ও শাহরিয়ার নাজিম জয়।












