নতুন সিনেমার আভাস প্রথমে পাওয়া যায় সামাজিক মাধ্যমে। গত বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক স্টোরিতে একটি বন্ধ দরজার ছবি প্রকাশ করেন তানিম নূর। দরজার ওপর লেখা ছিল ‘মজনু এন্টারপ্রাইজ, প্রোপ্রাইটার তানিম নূর’। একই ছবি নিজের স্টোরিতে শেয়ার করেন নির্মাতা ও সম্পাদক সালেহ সোবহান অনীম এবং চিত্রনাট্যকার ও নির্মাতা আয়মান আসিব স্বাধীনও। এরপরই নতুন কোনো চলচ্চিত্রের ঘোষণা আসছে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়।
বিষয়টি নিয়ে তানিম নূরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিশ্চিত করেন, ‘মজনু এন্টারপ্রাইজ’ তাঁর পরবর্তী সিনেমা। ২০২৭ সালেই এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এখনো মুক্তির নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি।
নতুন সিনেমার গল্প সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করতে চাননি নির্মাতা। শুধু জানিয়েছেন, এবার দর্শকদের জন্য তৈরি করছেন একটি মৌলিক গোয়েন্দা গল্প। অর্থাৎ পরিচিত কোনো উপন্যাসের ছায়া নয়, সম্পূর্ণ নতুন কাহিনির মধ্য দিয়ে রহস্য ও অনুসন্ধানের জগতে প্রবেশ করবে তাঁর পরবর্তী চলচ্চিত্র।
তানিম নূরের গোয়েন্দা গল্পের প্রতি আগ্রহ অবশ্য নতুন নয়। এর আগে তাঁর পরিচালিত ওয়েব সিরিজ ‘কাইজার’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। গোয়েন্দা চরিত্র ও রহস্যনির্ভর গল্পের কারণে সিরিজটি আলাদা পরিচিতি পায়। পরবর্তী মৌসুম নিয়ে দর্শকদের আগ্রহ থাকলেও নানা জটিলতায় এখনো আসেনি দ্বিতীয় সিজন।
তবে ‘মজনু এন্টারপ্রাইজ’ নিয়ে ‘কাইজার’-এর ভক্তদের জন্য থাকছে নতুন চমক। কারণ, এই সিনেমার গোয়েন্দা চরিত্রটি কাইজার নয়। সম্পূর্ণ নতুন একজন গোয়েন্দাকে কেন্দ্র করেই এগোবে গল্প। ফলে একই ঘরানায় কাজ করলেও এবার ভিন্ন চরিত্র ও নতুন রহস্যের জগৎ তৈরি করতে যাচ্ছেন নির্মাতা।

গত দুই বছরে ঈদের সিনেমায় তানিম নূরের সাফল্যও তাঁর নতুন কাজ নিয়ে প্রত্যাশা বাড়িয়েছে। ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ এবং ২০২৬ সালের ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ ব্যবসায়িক সাফল্য পেয়েছিল। দুটি সিনেমাই নির্মিত হয়েছিল সাহিত্যনির্ভর গল্প অবলম্বনে। চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারল’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল ‘উৎসব’। অন্যদিকে হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয় ‘বনলতা এক্সপ্রেস’।
এবার সেই ধারার বাইরে এসে মৌলিক গল্পে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তানিম নূর। রহস্য, অনুসন্ধান ও গোয়েন্দা চরিত্রের সমন্বয়ে নতুন সিনেমাটি দর্শকদের সামনে কী ধরনের অভিজ্ঞতা হাজির করে, তা নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।
পরিচালনার পাশাপাশি প্রযোজনাতেও ব্যস্ত থাকছেন তানিম নূর। ২০২৭ সালের ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা রয়েছে তাঁর প্রযোজিত ‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমার। আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করছেন শরীফুল রাজ ও সাবিলা নূর।
নিজের নতুন সিনেমায় মৌলিক গোয়েন্দা গল্প, পাশাপাশি প্রযোজনায় আরেকটি চলচ্চিত্র, সব মিলিয়ে ২০২৭ সাল তানিম নূরের জন্য ব্যস্ত একটি বছর হতে যাচ্ছে। এখন দেখার বিষয়, ‘মজনু এন্টারপ্রাইজ’ দিয়ে দর্শকদের সামনে তিনি রহস্যের কোন নতুন দরজা খুলে দেন।












