মঞ্চে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা আখম হাসান দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকদের বিনোদন দিয়ে আসছেন। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ মুশফিকুর রহিম দীর্ঘ সময় ধরে ব্যাট হাতে দেশের প্রতিনিধিত্ব করছেন।
সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিংয়ে একসঙ্গে কাজ করেছেন এই দুই তারকা। শুটিংয়ের একপর্যায়ে হঠাৎ করেই ক্রিকেট মাঠের আবহ তৈরি করে জোরে ‘হাউজদ্যাট’ বলে চিৎকার করে ওঠেন আখম হাসান। অপ্রত্যাশিত এমন চিৎকারে কিছুটা চমকে যান মুশফিক। তবে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। আখম হাসানের কাণ্ড দেখে অট্টহাসিতে ভেঙে পড়েন এই ক্রিকেটার। সেটে থাকা অন্যরাও তার সঙ্গে হাসিতে যোগ দেন। শুটিং সেটের এই মজার মুহূর্তের ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন আখম হাসান। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিজ্ঞাপনের শুটিংয়ে হাসির বন্যা।’

ভিডিওতে দেখা যায়, আখম হাসানের সঙ্গে শুটিংয়ে উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম ও আরও এক অভিনেত্রী। কাজের ফাঁকে হঠাৎ করেই আখম হাসান ক্রিকেটের আম্পায়ারের সিদ্ধান্তের মতো করে ‘হাউজদ্যাট’ বলে চিৎকার করেন। তার এমন অঙ্গভঙ্গি ও চিৎকারে মুশফিকের হাসি আর থামেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে। ব্যস্ত শুটিংয়ের মাঝেও দুই ভিন্ন অঙ্গনের তারকার এমন প্রাণবন্ত মুহূর্ত উপভোগ করছেন দর্শক ও নেটিজেনরা।
অভিনয়ের পাশাপাশি আখম হাসানের এমন হাস্যরসাত্মক মুহূর্তও প্রায়ই দর্শকদের নজর কাড়ে। আর মুশফিকুর রহিমও ক্রিকেটের বাইরের বিভিন্ন বিজ্ঞাপন ও প্রচারণামূলক কাজে অংশ নিয়ে থাকেন। এবার একই শুটিং সেটে তাদের এমন স্বতঃস্ফূর্ত মুহূর্তই বাড়তি আনন্দ দিয়েছে ভক্তদের।












