জানা গেছে, ছবিটির শুটিংয়ের শেষ পর্যায়ে গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকশন দৃশ্য ধারণ করা হচ্ছিল। শেষ দুই দিনের শুটিংয়ের সময় একটি উচ্চমাত্রার অ্যাকশন সিকোয়েন্সে অংশ নেওয়ার সময় কার্তিকের হাঁটুতে চোট লাগে। দুর্ঘটনার পর শুটিং সাময়িকভাবে বন্ধ করে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

চোটের মাত্রা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা তাঁর হাঁটুতে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, দ্রুতই অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। এরপর কিছুদিন বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে। তবে তাঁর শারীরিক অবস্থা নিয়ে কার্তিকের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
কবীর খানের সঙ্গে ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর পর এটি কার্তিক আরিয়ানের দ্বিতীয় কাজ। নতুন ছবিতে কার্তিককে একজন কিকবক্সিং কোচের চরিত্রে দেখা যাবে। ছবির গল্প বাস্তব ক্রীড়াবিদ তাজামুল ইসলামের জীবন থেকে অনুপ্রাণিত বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ছবিটির মাধ্যমে কার্তিক তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা ‘ডোপামিন স্টুডিওস’-এর ব্যানারে প্রযোজনাতেও আত্মপ্রকাশ করছেন।

এদিকে, ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর জন্য সম্প্রতি ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কার্তিক। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ছবিটিতে মুরলীকান্ত পেটকারের চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন; একই বিভাগে ‘ব্রামায়ুগম’-এর জন্য মামুট্টিও পুরস্কার পেয়েছেন।
চোট থেকে সুস্থ হয়ে ওঠার পর কার্তিকের পরবর্তী কাজের সূচিতেও পরিবর্তন আসতে পারে। তবে তাঁর পুনরুদ্ধারের সময়সীমা এবং পরবর্তী শুটিং কবে শুরু হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।












