দীর্ঘ ১৫ বছর পর ফিরছে বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’। ছবিটির সিকুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন গল্প ও বড় পরিসরে ‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনা করছেন তিনি। তবে এবারও কি কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বিদ্যা বালানকে, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে সিকুয়েল নির্মাণের পরিকল্পনার কথা জানান একতা কাপুর। তাঁর ভাষ্য, প্রথম সিনেমার মতো নতুন ছবিতেও একজন আলোচিত নারীর জীবন ও যৌনতার প্রকাশকে ঘিরে সমাজের দৃষ্টিভঙ্গি উঠে আসতে পারে। তবে সেই নারীর পরিচয়, অভিনয়শিল্পী, পরিচালক কিংবা মুক্তির সময় নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাননি তিনি।
একতা কাপুরের মতে, ২০১১ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্টি পিকচার’-এর সাফল্যের অন্যতম কারণ ছিল নারী চরিত্রটিকে ভুক্তভোগী হিসেবে না দেখিয়ে নিজের যৌনতা ও ব্যক্তিস্বাধীনতা উদ্যাপনকারী একজন মানুষ হিসেবে তুলে ধরা। নতুন সিনেমাতেও সেই দৃষ্টিভঙ্গির ধারাবাহিকতা রাখার পরিকল্পনা রয়েছে তাঁর।
সিল্ক স্মিতার জীবন থেকে যে সিনেমার জন্ম
মিলান লুথরিয়া পরিচালিত ‘দ্য ডার্টি পিকচার’ মুক্তির পর বক্স অফিসে সাড়া ফেলেছিল। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত সিনেমাটিতে বিদ্যা বালান অভিনয় করেছিলেন কেন্দ্রীয় চরিত্রে। সাধারণ জীবন থেকে আবেদনময়ী ও জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠার যাত্রার পাশাপাশি সমাজের সমালোচনা, ব্যক্তিগত স্বাধীনতা ও পরিচিতির সংকট উঠে এসেছিল গল্পে।
বিদ্যার অভিনয় ব্যাপক প্রশংসা পায়। এই সিনেমার জন্য তিনি সেরা অভিনেত্রী বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ছবিটিতে আরও অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর।
মুক্তির পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সিনেমাটির চরিত্র ও গল্প নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে। ফলে সিকুয়েলের ঘোষণা সামনে আসতেই নতুন করে আলোচনায় এসেছে ছবিটি।
বিদ্যা বালান কি ফিরবেন?
‘দ্য ডার্টি পিকচার ২’ নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন, বিদ্যা বালান কি আবারও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন? এখন পর্যন্ত প্রযোজক একতা কাপুর এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি।
তবে এর আগে এক সাক্ষাৎকারে সিকুয়েলে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছিলেন বিদ্যা। এমন সুযোগ এলে তিনি আনন্দের সঙ্গে রাজি হবেন বলেও জানিয়েছিলেন। তাঁর এই মন্তব্যের পর নতুন সিনেমায় বিদ্যার প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের প্রত্যাশা আরও বেড়েছে।
তবে আগ্রহ প্রকাশ করলেও তিনি সিকুয়েলে অভিনয় করছেন, এমন কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা এখনো নেই। নতুন গল্পে কে থাকছেন, কোন নারীকে কেন্দ্র করে নির্মিত হবে সিনেমাটি এবং প্রথম ছবির সঙ্গে এর যোগসূত্র কতটা থাকবে, সেসব প্রশ্নের উত্তর মিলতে অপেক্ষা করতে হবে নির্মাতাদের পরবর্তী ঘোষণার জন্য।
একতা কাপুরের এই ঘোষণায় আপাতত নিশ্চিত হয়েছে সিকুয়েল নির্মাণের পরিকল্পনা। বাকি তথ্য সামনে এলে বোঝা যাবে, ১৫ বছর পর ‘দ্য ডার্টি পিকচার’ কোন নতুন গল্প নিয়ে ফিরতে যাচ্ছে।












