নতুন পোস্টারে আলিয়াকে দেখা গেছে একেবারে ভিন্ন অবতারে। রেট্রো ক্যাবারে ঘরানার সাজে চেয়ারে বসে থাকা অভিনেত্রীর পোশাক, মাথার বিশেষ হেডপিস, চোখের অভিব্যক্তি ও আত্মবিশ্বাসী পোজ সব মিলিয়ে পোস্টারে আলিয়ার উপস্থিতিতে ফুটে উঠেছে এক গ্ল্যামারাস আমেজ। পোস্টার প্রকাশের পর থেকেই আলিয়ার ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে অভিনেত্রীর সাজ ও লুক সিনেমাটির চরিত্র সম্পর্কে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
পোস্টারটি শেয়ার করে নির্মাতাদের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘আগ ভি, দিলোঁ কি জান ভি!’ অর্থাৎ আগুনও, আবার হৃদয়ের স্পন্দনও। ক্যাপশনটিও আলিয়ার চরিত্রকে ঘিরে রহস্য আরও বাড়িয়েছে। এর আগে সিনেমা থেকে রণবীর কাপুরের ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছিল। এবার আলিয়ার লুক সামনে আসায় ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে দর্শকদের আগ্রহ যেন আরও বেড়েছে। ‘লাভ অ্যান্ড ওয়ার’কে সঞ্জয় লীলা বানসালির আগের অনেক সিনেমার মতো কেবল ঐতিহাসিক বা পিরিয়ড ড্রামার কাঠামোয় দেখা হচ্ছে না। বর্তমান সময়ের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই রোম্যান্টিক থ্রিলার। সিনেমাটিতে দ্বিতীয়বারের মতো বানসালির সঙ্গে কাজ করছেন আলিয়া। এর আগে পরিচালকের ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।
অন্যদিকে, ‘ব্রহ্মাস্ত্র’-এর পর আবারও পর্দায় জুটি হিসেবে দেখা যাবে আলিয়া ভাট ও রণবীর কাপুরকে। বাস্তব জীবনের এই দম্পতির পাশাপাশি সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ভিকি কৌশল। প্রধান তারকাদের লুক প্রকাশের মধ্য দিয়ে এরই মধ্যে সিনেমাটির প্রচারণা শুরু করে দিয়েছেন নির্মাতারা। নতুন পোস্টার সামনে আসার পর এখন দর্শকদের অপেক্ষা সিনেমার ট্রেলার ও পরবর্তী ঝলকের জন্য।
সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ২১ জানুয়ারি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর। সিনেমাটি মুক্তির আগেই আলিয়ার নতুন লুক যেভাবে দর্শকদের নজর কেড়েছে, তাতে ছবিটি ঘিরে প্রত্যাশাও বাড়ছে।












