পরিচালক অ্যাটলির ৪০তম জন্মদিনে আসে এই বিশেষ ঘোষণা। সোমবার সিনেমাটির নির্মাতারা জানান, ‘রাকা’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃতি পেয়েছে একসঙ্গে সর্বাধিক সংখ্যক মানুষের রিয়েল-টাইম মোশন ক্যাপচার করার জন্য। একটি দৃশ্য ধারণের সময় একই সঙ্গে ৩৭ জন পারফর্মারের মোশন ক্যাপচার করা হয়।
এই বিশেষ অর্জনের স্বীকৃতিস্বরূপ আল্লু অর্জুন ও অ্যাটলির হাতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ তুলে দেওয়া হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ছবি প্রকাশ করে বিষয়টি জানায়।
সেখানে বলা হয়, ৩৭ জন পারফর্মারকে একই সময়ে মোশন ক্যাপচার করার মাধ্যমে ‘রাকা’ নতুন এই রেকর্ড গড়েছে। নির্মাতাদের ভাষ্য, এই অর্জন ভারতীয় সিনেমার প্রযুক্তিনির্ভর নির্মাণকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার আরেকটি দৃষ্টান্ত। রেকর্ডের স্বীকৃতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আল্লু অর্জুনও। পুরো দলের জন্য এটিকে গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করে অভিনেতা বলেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের এই প্রচেষ্টাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ায় তারা কৃতজ্ঞ।
ইতিমধ্যে সিনেমাটির নির্মাণপ্রক্রিয়ার একটি নেপথ্যদৃশ্যের ভিডিওও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, কীভাবে ৩৭ জন পারফর্মারকে একই সময়ে মোশন ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে দৃশ্যটির জন্য ধারণ করা হয়েছে। ফলে ছবিটির প্রযুক্তিগত নির্মাণ নিয়েও দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।
‘রাকা’ নিয়ে শুরু থেকেই নানা আলোচনা রয়েছে। ছবিতে আল্লু অর্জুনকে একাধিক চরিত্রে দেখা যেতে পারে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, তিনি একই পরিবারের দাদা, বাবা ও দুই ছেলের চরিত্রে অভিনয় করবেন। পাশাপাশি গল্পে দুটি সমান্তরাল মহাবিশ্বের ধারণা থাকতে পারে বলেও গুঞ্জন রয়েছে। তবে এসব তথ্যের কোনোটিই এখনো নির্মাতারা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।
সিনেমাটিতে আল্লু অর্জুনের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুর। সান পিকচার্স প্রযোজিত এই সায়েন্স ফিকশন অ্যাকশনধর্মী সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করছেন আল্লু অর্জুন ও অ্যাটলি।
মুক্তির আগেই গিনেস রেকর্ডে নাম লেখানোয় ‘রাকা’কে ঘিরে প্রত্যাশা এখন আরও বাড়ছে। ছবিটি মুক্তির পর এই প্রযুক্তিনির্ভর আয়োজন দর্শকদের অভিজ্ঞতায় কতটা নতুন মাত্রা যোগ করে, সেটিই এখন দেখার বিষয়।












