ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, চলতি মাসেই ‘আন্ধার’ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত সিনেমাটি জমা পড়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে অক্টোবরের মুক্তির তারিখ নিয়েও পরিচালক, প্রযোজক কিংবা অভিনয়শিল্পীদের পক্ষ থেকে নতুন করে কোনো নিশ্চিত ঘোষণা আসেনি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন চলচ্চিত্রভিত্তিক পেজ ও গ্রুপে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে, অক্টোবরের নির্ধারিত সময়ে হয়তো মুক্তি পাচ্ছে না ‘আন্ধার’। যদিও এ বিষয়ে সিনেমাটির নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সিনেমাটির গল্পকার ও অন্যতম প্রযোজক শাকিব চৌধুরী জানিয়েছেন, ‘আন্ধার’ নিয়ে যেকোনো সিদ্ধান্ত বা ঘোষণা আনুষ্ঠানিকভাবেই জানানো হবে। তবে সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়েছে কি না এ প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি।
অক্টোবরে মুক্তির পরিকল্পনাকে সামনে রেখে অবশ্য বেশ আগেই সিনেমাটির প্রচারণা শুরু হয়েছিল। গত কয়েক সপ্তাহে নির্মাতা রায়হান রাফী সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আন্ধার’-এর বিভিন্ন দৃশ্য প্রকাশ করেছেন। রহস্যময় আবহ, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ এবং চরিত্রগুলোর লুক প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহলও বাড়তে থাকে।
সেই ধারাবাহিকতায় ৩ সেপ্টেম্বর প্রকাশিত হয় ১ মিনিট ২৬ সেকেন্ডের টিজার। সংলাপহীন ওই টিজারে দেখা যায় আফসানা মিমি, গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষী, সিয়াম আহমেদ ও মোস্তফা মনোয়ারসহ সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রগুলোকে। টিজারে সিয়াম আহমেদের কয়েকটি অ্যাকশন দৃশ্যও দর্শকদের নজর কাড়ে।
‘আন্ধার’ নিয়ে আগ্রহের অন্যতম কারণ এর বিষয়বস্তু। দীর্ঘদিন ধরে দেশের মূলধারার চলচ্চিত্রে নিয়মিত হরর সিনেমা দেখা যায় না। সেই জায়গায় বড় পরিসরে একটি হরর সিনেমা নির্মাণের উদ্যোগ শুরু থেকেই আলোচনায় ছিল। সিনেমাটির গল্প লিখেছেন ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী ও অর্থহীনের সাইদুস সালেহীন সুমন। গল্পের সঙ্গে যুক্ত রয়েছেন আদনান আদিব খানও।
জানা গেছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভৌতিক লোককাহিনি ও অতিপ্রাকৃত ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটির গল্পের ভাবনা তৈরি হয়েছে। বড় বাজেটের এই সিনেমায় ভিএফএক্স ও গ্রাফিকস অ্যানিমেশনেরও উল্লেখযোগ্য ব্যবহার রয়েছে। এসব কাজের একটি বড় অংশ কয়েক মাস ধরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে করা হয়েছে।
সিনেমাটির বেশির ভাগ শুটিং হয়েছে গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে। পোস্টার, টিজার ও প্রচারণার নানা আয়োজনের পর এখন দর্শকদের অপেক্ষা ছিল শুধু প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার। কিন্তু অক্টোবরের মুক্তি নিয়ে নতুন করে কোনো নিশ্চয়তা না আসায় সেই অপেক্ষার সঙ্গে যোগ হয়েছে অনিশ্চয়তাও।
তবে এখনো পর্যন্ত ‘আন্ধার’ পিছিয়ে যাচ্ছে এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে সিনেমাটি ঘোষিত সময়েই মুক্তি পাবে, নাকি মুক্তির তারিখ পরিবর্তন হবে, সেটি জানতে অপেক্ষা করতে হবে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।












