নুসরাত ফারিয়া বললেন ‘সরে এসেছি’, জানেন না নির্মাতা!

DhallywoodFilms

চট্টগ্রামে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার একটি আলোচিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘ট্রাইব্যুনাল’। গত বছরের ৯ ডিসেম্বর নিজের ক্যারিয়ারের দুই যুগ পূর্তি উপলক্ষে সিনেমাটির ঘোষণা দিয়েছিলেন রায়হান খান। তখন জানিয়েছিলেন, চলতি বছরের কোনো এক ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

সিনেমাটিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করার কথা ছিল নুসরাত ফারিয়ার। তবে এখনো তার অংশের শুটিং শুরু হয়নি। এমনকি সিনেমাটির বেশ কিছু কাজও বাকি রয়েছে। শুটিং কবে শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তার কারণেই শেষ পর্যন্ত সিনেমাটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফারিয়া।

সিনেমাটি ছাড়ার কারণ ব্যাখ্যা করে ফারিয়া বলেন, চরিত্রটি তার বেশ পছন্দের ছিল এবং এ জন্য অভিনয় করতেও তিনি আগ্রহী ছিলেন। কিন্তু শুটিংয়ের অনিশ্চয়তা, শিডিউল জটিলতাসহ আরও কিছু বিষয়ে সমন্বয় না হওয়ায় তিনি সরে এসেছেন। তবে বিষয়টি নিয়ে কোনো বড় ধরনের সমস্যা হয়নি বলেও জানান অভিনেত্রী। অন্যদিকে ফারিয়ার সরে দাঁড়ানোর খবর শুনে বিস্ময় প্রকাশ করেছেন নির্মাতা রায়হান খান। তার দাবি, সিনেমাটি না করার বিষয়ে ফারিয়ার সঙ্গে তার কোনো ধরনের আলোচনা হয়নি। রায়হান খান বলেন, ফারিয়া আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক কোনোভাবেই তাকে সিনেমা থেকে সরে দাঁড়ানোর কথা জানাননি। ফলে এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে পারছেন না তিনি। এদিকে ‘ট্রাইব্যুনাল’-এর আরও দুই অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও মৌসুমী হামিদও আপাতত শুটিংয়ের জন্য প্রস্তুত নন। গত ফেব্রুয়ারি থেকে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন তানিয়া বৃষ্টি। অন্যদিকে প্রথমবার মা হওয়ার অপেক্ষায় রয়েছেন মৌসুমী হামিদ।

সিনেমাটির বর্তমান পরিস্থিতি নিয়ে নির্মাতা জানান, দুই অভিনেত্রীর পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাদের জন্য অপেক্ষা করছেন তিনি। পাশাপাশি এটি একটি স্বাধীনধারার সিনেমা হওয়ায় বাজেট নিয়েও কিছু জটিলতা রয়েছে।

 

সব জটিলতা কাটিয়ে বছরের শেষ দিকে ‘ট্রাইব্যুনাল’-এর শুটিং শুরু করার আশা করছেন নির্মাতা রায়হান খান। তবে নুসরাত ফারিয়ার পরিবর্তে কে আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *