কিংবদন্তি গীতিকার শহীদ মাহমুদ জঙ্গীর কথায় নতুন গান নিয়ে হাজির হয়েছেন ‘পার্থিব’ ব্যান্ডের ফ্রন্টম্যান আশফাকুল বারী রুমন। ‘সুচিত্রা সেন’ শিরোনামের গানটি ৭ আগস্ট প্রকাশিত হয়েছে রুমনের নিজস্ব ইউটিউব চ্যানেল ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।
নস্টালজিয়া, কলেজ ক্যাফের আড্ডা, নীরব অপেক্ষা ও অচেনা ভালো লাগার গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে গানটি। এর সুর, সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন রুমন। মিউজিক ভিডিও নির্মাণও করেছেন তিনি।
গানটি প্রসঙ্গে রুমন বলেন, শহীদ মাহমুদ জঙ্গীর মতো কিংবদন্তি গীতিকবির লেখা গান তৈরি করতে পারা তাঁর জন্য সম্মানের। গানের গল্প তাঁকে শুরু থেকেই আকৃষ্ট করেছে। অন্যদিকে জঙ্গী জানান, সুচিত্রা সেনের সৌন্দর্য ও ব্যক্তিত্বকে ঘিরেই গানের ভাবনা তৈরি হয়েছে। রুমনের সুর ও সংগীতে গানটি প্রাণবন্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
‘সুচিত্রা সেন’ রুমনের চলমান ধারাবাহিক মিউজিক প্রজেক্টের চতুর্থ গান। এ প্রকল্পের আওতায় প্রতি তিন সপ্তাহে একটি করে নতুন গান প্রকাশ করছেন তিনি। গানটি স্পটিফাই, অ্যাপল মিউজিক, আইটিউনস, আমাজন মিউজিক, ডিজার, সাভানসহ বিভিন্ন প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।










