ছেলের চিকিৎসার কারণে দীর্ঘদিন ধরে কানাডায় অবস্থান করছেন এই সংগীতশিল্পী। কঠিন এই সময়ে নিজের ব্যস্ততার পাশাপাশি ছেলের চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার অপেক্ষাতেই কাটছে তার সময়।
সম্প্রতি নিজের বর্তমান পরিস্থিতি ও নিবিড়ের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে কুমার বিশ্বজিৎ জানান, সুস্থতার পথে এগোচ্ছেন তার ছেলে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় প্রয়োজন।
তিনি বলেন, ‘আমাকে ভালো থাকতেই হয় নিবিড়ের জন্য। নিবিড় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। সময় লাগবে আরও। তারপরও সবকিছুর জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

নিবিড়ের চিকিৎসার এই দীর্ঘ সময়ে দেশ-বিদেশের অসংখ্য মানুষ তাদের পাশে দাঁড়িয়েছেন। ছেলের সুস্থতার জন্য অনেকেই দোয়া ও শুভকামনা জানিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কুমার বিশ্বজিৎ।
ছেলের চিকিৎসা নিয়ে ব্যস্ততার মধ্যেও সংগীত থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নেননি তিনি। কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াতেও নিয়মিত স্টেজ শো করেছেন। কানাডায় এরই মধ্যে চারটি অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন বলেও জানিয়েছেন এই শিল্পী।
তবে মঞ্চের ব্যস্ততা কিংবা সংগীতের অন্য কোনো অর্জনের চেয়ে এই মুহূর্তে কুমার বিশ্বজিতের কাছে সবচেয়ে বড় চাওয়া একটাই ছেলে নিবিড় যেন পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।












