ব্যক্তিগত জীবন বরাবরই অনেকটা আড়ালে রাখতে পছন্দ করেন দীপিকা ও রণবীর। তবে মেয়ের দ্বিতীয় জন্মদিন উপলক্ষে এবার ব্যতিক্রমীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন তারা। সাদাকালো এসব ছবিতে কখনো বাবার কোলে, আবার কখনো মায়ের পাশে দেখা গেছে ছোট্ট দুয়াকে। ৮ সেপ্টেম্বর দুই বছরে পা দিয়েছে দুয়া। মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দীপিকা ও রণবীর লিখেছেন, ‘বেবি দুয়া আর আমাদের হৃদয়, দুটোই বড় হচ্ছে। আপনাদের আশীর্বাদের জন্য ধন্যবাদ।’ শেয়ার করা ছবিগুলোর মধ্যে দীপিকার অন্তঃসত্ত্বা সময়ের কিছু স্মৃতিও রয়েছে। কোথাও মা-বাবার মাঝখানে দাঁড়িয়ে হাসছে দুয়া, আবার কোনো ছবিতে বাবা-মায়ের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে তাকে। মেয়েকে ঘিরে এই পারিবারিক মুহূর্তগুলো এরই মধ্যে ভক্তদের নজর কেড়েছে।

এরই মধ্যে তারকা দম্পতির পরিবারে নতুন সদস্য আসার খবরও প্রকাশ্যে এসেছে। চলতি বছরের ১৯ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানান দীপিকা ও রণবীর। দুয়াকে কেন্দ্র করে একটি ছবি শেয়ার করে তারা দ্বিতীয় সন্তানের আগমনের কথা জানান। অর্থাৎ খুব শিগগিরই তিন সদস্যের পরিবার চার সদস্যের হতে যাচ্ছে। প্রথম সন্তানকে ঘিরে যেমন ভক্তদের আগ্রহ রয়েছে, তেমনি দ্বিতীয় সন্তানের অপেক্ষার খবরেও শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি।

এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন দীপিকা। চলতি বছর শাহরুখ খানের ‘কিং’ সিনেমায় তাকে দেখা যাওয়ার কথা রয়েছে। পাশাপাশি অ্যাটলির ‘রাকা’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। অন্যদিকে রণবীর সিংকে সর্বশেষ আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমায় দেখা গেছে। বর্তমানে জয় মেহতার পরিচালনায় ‘প্রলয়’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা।

কাজের ব্যস্ততার মধ্যেও পরিবারকে ঘিরে বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন দীপিকা-রণবীর। দুয়ার দুই বছর পূর্তি আর নতুন অতিথির আগমনের অপেক্ষা দুই আনন্দেই এখন তাদের পরিবারে উৎসবের আবহ।












