গত ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘এবি কিং’। এবার যুক্তরাষ্ট্রের মঞ্চে নিজেদের প্রথম পরিবেশনার প্রস্তুতি নিচ্ছে ব্যান্ডটি। আগামী ১৯ সেপ্টেম্বর হিউস্টনে সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে একটি কনসার্টে প্রথমবারের মতো মঞ্চে উঠবে তারা।
‘এবি কিং’-এ কিবোর্ড ও ভোকালে রয়েছেন এস আই টুটুল। তাঁর সঙ্গে আছেন ড্রামস ও ভোকালে নাফিজ আল আমিন, লিড গিটার ও ভোকালে ইফতেখার ইফতি এবং বেইসে আকাশ আহসান। ব্যান্ডটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন ইশতিয়াক এ সিদ্দিকী।

আইয়ুব বাচ্চুর সঙ্গে টুটুলের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি ছিলেন আইয়ুব বাচ্চুর প্রতিষ্ঠিত এলআরবির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। ফলে নতুন ব্যান্ডের নামকরণেও গুরুর প্রতি শ্রদ্ধা ও আবেগকে সামনে রেখেছেন তিনি।
টুটুলের ভাষ্য, তাঁদের সবার ভেতরেই আইয়ুব বাচ্চুকে ঘিরে গভীর আবেগ রয়েছে। সেই আবেগকে সংগীতের মাধ্যমে ধরে রাখতে চান তাঁরা। নিজেদের মৌলিক গান পরিবেশনের পাশাপাশি নতুন গান তৈরির কাজও চলবে। একই সঙ্গে মঞ্চে আইয়ুব বাচ্চু এবং বাংলাদেশের অন্যান্য কিংবদন্তি শিল্পীর গানও পরিবেশন করবে ‘এবি কিং’।

শুধু কনসার্টে সীমাবদ্ধ থাকতে চান না টুটুল। তাঁর পরিকল্পনা অনুযায়ী, ‘এবি কিং’ একটি পূর্ণাঙ্গ সংগীতভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে। ভবিষ্যতে বিভিন্ন সংগীত আয়োজন ও অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে। ব্যান্ডের সদস্যদের পাশাপাশি একটি উপদেষ্টা প্যানেল রাখার পরিকল্পনাও রয়েছে।
হিউস্টনের প্রথম কনসার্টের পর যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি অঙ্গরাজ্যে সংগীত পরিবেশনের পরিকল্পনা রয়েছে ‘এবি কিং’-এর। এর মধ্যে ভার্জিনিয়া ও নিউইয়র্কেও কনসার্ট করার কথা রয়েছে।
আইয়ুব বাচ্চুর গানের উত্তরাধিকারকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি নিজেদের সংগীত নিয়েও এগিয়ে যেতে চান টুটুল ও তাঁর সহযাত্রীরা। ফলে ‘এবি কিং’ শুধু একটি নতুন ব্যান্ড নয়, টুটুলের কাছে এটি তাঁর গুরুকে স্মরণ করে সংগীতচর্চার নতুন এক অধ্যায়ও।












