সোমবার, ২৮ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কাশবনে তোলা বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ছবিগুলোতে তাকে দেখা গেছে ফিরোজা রঙের শাড়িতে। সাদা কাশফুলের মাঝে দাঁড়িয়ে কখনো ক্যামেরার দিকে তাকিয়েছেন, আবার কখনো প্রকৃতির পরিবেশে মিশে গেছেন তিনি।
ছবিগুলোতে পূজার সাজেও ছিল শরতের আবহ। কাশফুলের সাদা আর আকাশের নীলের সঙ্গে তার শাড়ির রঙ মিলিয়ে তৈরি হয়েছে নরম, স্নিগ্ধ এক দৃশ্য।
শুধু ছবি নয়, শরতের অনুভূতিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন পূজা। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা, শরৎ যেন নিজেই এক টুকরো পূজোর গল্প!’
পূজার এই ক্যাপশনেই ধরা পড়েছে শরৎ ও দুর্গাপূজাকে ঘিরে বাঙালির চিরচেনা আবেগ। শরতের প্রকৃতি যেমন উৎসবের আগমনী বার্তা নিয়ে আসে, তেমনি কাশফুলও বাঙালির কাছে হয়ে উঠেছে পূজার সময়ের অন্যতম পরিচিত প্রতীক।
পূজার প্রকাশ করা ছবিগুলো এরই মধ্যে তার ভক্তদের নজর কেড়েছে। প্রকৃতির মাঝে অভিনেত্রীর এমন স্নিগ্ধ উপস্থিতি প্রশংসা পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।












