বাংলাদেশের সংগীতাঙ্গনের অন্যতম জনপ্রিয় ব্যান্ড সোলস। পাঁচ দশকের বেশি সময় ধরে শ্রোতাদের মাতিয়ে রাখা দলটি এবার নতুন সংগীতায়োজনে সামনে আনল তাদের কালজয়ী গান ‘এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা’। বুধবার (১২ আগস্ট) রাতে ইউটিউবে প্রকাশ পেয়েছে গানটির আনপ্লাগড সংস্করণ। নতুন আবহে গানটি ইতোমধ্যে শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছে।

গানটির নতুন সংস্করণ ধারণ করা হয়েছিল চলতি বছরের ২ মে চট্টগ্রামে অনুষ্ঠিত বিশেষ কনসার্ট ‘সোলস আনপ্লাগড: ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক’-এ। সেই অনুষ্ঠানে সোলসের পরিবেশনার দৃশ্যই ব্যবহার করা হয়েছে প্রকাশিত ভিডিওতে।
‘এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা’ গানটির কথা লিখেছেন সালাউদ্দিন সজল এবং সুর করেছেন পার্থ বড়ুয়া। গানটি সোলসের পঞ্চম স্টুডিও অ্যালবামের টাইটেল ট্র্যাক হিসেবে ১৯৯৩ সালে প্রকাশিত হয়। দীর্ঘদিনের পরিচিত গানটিকে এবার আনপ্লাগড আয়োজনের মাধ্যমে ভিন্ন মাত্রায় উপস্থাপন করেছে ব্যান্ডটি।

১৯৭৩ সালে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে সোলস। পাঁচ দশকের বেশি সময়ের পথচলায় ব্যান্ডটি প্রকাশ করেছে ১২টি স্টুডিও অ্যালবাম। দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও কনসার্ট করেছে দলটি।
বর্তমানে সোলসের লাইনআপে রয়েছেন পার্থ বড়ুয়া (গিটার ও কণ্ঠ), মীর মাসুম (কিবোর্ড), মারুফ হাসান তালুকদার (বেজ গিটার) এবং অভিজিৎ সেনগুপ্ত (ড্রামস)।

দীর্ঘ সংগীতযাত্রায় সোলসের জনপ্রিয় গানগুলোর নতুন সংস্করণ প্রকাশের ধারাবাহিকতায় ‘এ এমন পরিচয়’-এর আনপ্লাগড আয়োজনও পুরোনো শ্রোতাদের ফিরিয়ে এনেছে নস্টালজিয়ায়, আর নতুন প্রজন্মের শ্রোতাদের সামনে গানটিকে হাজির করেছে ভিন্ন এক আবহে।












