রোমান্টিক কমেডি ঘরানার এই ওয়েব ফিল্মের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুই নতুন মুখ সাদ সালমি নাওভী ও লাবণ্য চৌধুরী। নতুন এই জুটিকে ঘিরেই এগিয়েছে গল্প। নির্মাতার দাবি, নব্বইয়ের দশকের ভালোবাসার আবেগকে আধুনিক নির্মাণশৈলীতে উপস্থাপন করা হয়েছে এতে।

প্রায় ৮০ মিনিট দৈর্ঘ্যের ‘মিশন ডিডিএলজে’র শুটিং হয়েছে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন মনোরম গ্রামীণ লোকেশনে। নাওভী ও লাবণ্য ছাড়াও এতে অভিনয় করেছেন মাসুদ মহিউদ্দিন, স্বপ্না শেখ, শারমিন সুলতানা শর্মী, সাদিয়া ইসলাম জুঁই, আরমান মাহমুদ ও শওকত শোভন।
তবে শুধু প্রেমের গল্প নয়, ছবিটির নামের মধ্যেও রয়েছে রহস্য। নির্মাতা জানিয়েছেন, ‘মিশন ডিডিএলজে’ নামটির পেছনে রয়েছে একটি ‘হিডেন স্টোরি’। সেই রহস্য কী, তা জানতে হলে পুরো ওয়েব ফিল্মটি দেখতে হবে দর্শকদের।
নতুন জুটি নাওভী ও লাবণ্য প্রসঙ্গে নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক বলেন, দুজনই চমৎকার অভিনয় করেছেন। তাঁদের পর্দার রসায়ন দর্শকদের ভালো লাগবে বলেও আশাবাদী তিনি।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, নব্বইয়ের দশকের প্রেমের আবেগকে বর্তমান সময়ের নির্মাণশৈলীর সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে ‘মিশন ডিডিএলজে’। ফলে পুরোনো দিনের প্রেমের স্মৃতি যেমন ফিরবে, তেমনি নতুন প্রজন্মও পাবে ভিন্ন ধরনের রোমান্টিক গল্পের স্বাদ।
এদিকে ওয়েব ফিল্মটির শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। সব প্রস্তুতি শেষে আগামী সেপ্টেম্বরের শেষ দিকে আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘মিশন ডিডিএলজে’র।












