চলতি ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫। দর্শকদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নিয়মিত নতুন পর্ব প্রকাশ অব্যাহত রাখতে চান অমি। তাই সিরিজটির কাজ শেষ করেই গলার সার্জারি করানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এক ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে অমি বলেন, এই অবস্থায় এখন সার্জারি করালে দীর্ঘ সময় শুটিং ও অন্যান্য কাজ থেকে দূরে থাকতে হবে। ফলে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নিয়মিত পর্ব প্রকাশে ব্যাঘাত ঘটতে পারে।
অমির ভাষ্য, দর্শকদের ভালোবাসার প্রতি তিনি দায়বদ্ধ। তাই আগে ধারাবাহিকটির কাজ শেষ করতে চান। এরপরই অস্ত্রোপচার করিয়ে সুস্থ হয়ে কাজে ফেরার পরিকল্পনা তার।
এর আগে গত জুনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন কাজল আরেফিন অমি। সে সময় তার কণ্ঠস্বর বন্ধ হয়ে গেলে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। পরীক্ষার পর গলার ভোকাল কর্ডে পলি সিস্ট ধরা পড়ে। চিকিৎসক তখন তাকে সাত দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পাশাপাশি কথা বলা থেকে বিরত থাকার পরামর্শ দেন। প্রাথমিকভাবে কিছুটা সুস্থ হলেও প্রায় তিন মাস পরও সমস্যাটি পুরোপুরি সেরে ওঠেনি। চূড়ান্ত সুস্থতার জন্য চিকিৎসকেরা তাকে গলার অস্ত্রোপচার করানোর পরামর্শ দিয়েছেন। তবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ শেষ না হওয়া পর্যন্ত সেই চিকিৎসা পিছিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন অমি।
তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, যাতে ধারাবাহিকটির কাজ শেষ করে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করতে পারেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।












