২৫ বছর পূর্তিতে একসঙ্গে চয়নিকার চার নাটক

DramaUPDATE

নির্মাণ ক্যারিয়ারের রজতজয়ন্তী উপলক্ষে এবার ভিন্নধর্মী আয়োজন করেছেন চয়নিকা। বিশেষ এই উপলক্ষে নির্মাণ করেছেন চারটি নতুন নাটক। আগামী ১৮ সেপ্টেম্বর দেশের চারটি ভিন্ন টেলিভিশন চ্যানেলে নাটকগুলো প্রচারিত হবে। পরদিন থেকে ইউটিউবেও দেখা যাবে নাটকগুলো।

চ্যানেল আইয়ে প্রচার হবে ‘সময় একটু থামো’। ইফফাত আরেফিন তন্বীর লেখা নাটকটিতে অভিনয় করেছেন আফজাল হোসেন, জাকিয়া বারী মম, রোজী সিদ্দিকী ও ফারজানা ছবিসহ আরও অনেকে। টেলিভিশনে প্রচারের পর নাটকটি প্রকাশ হবে গানচিলের ইউটিউব চ্যানেলে।

এটিএন বাংলায় দেখা যাবে ‘বিষণ্ন মেঘ’। চয়নিকা চৌধুরীর দেখা একটি সত্য ঘটনা অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন ইফফাত আরেফিন তন্বী। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, জাকিয়া বারী মম, সাদিয়া আয়মান ও ডলি জহুর। পরে নাটকটি প্রকাশিত হবে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে।

বৈশাখী টিভিতে প্রচারিত হবে ‘জোছনায় ফেরা’। শফিকুর রহমান শান্তনুর লেখা নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান ও দীপা খন্দকারসহ অনেকে। টেলিভিশন সম্প্রচারের পর নাটকটি দেখা যাবে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে।

অন্যদিকে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘প্রথম দেখার পর’। আহমেদ তৌকীরের লেখা এই নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, আবুল হায়াত ও ডলি জহুর। পরে নাটকটি প্রকাশ পাবে জি সিরিজের ইউটিউব চ্যানেলে।

নির্মাণের ২৫ বছর পূর্তির আয়োজন নিয়ে চয়নিকা চৌধুরী বলেন, ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর প্রথমবার নির্মাতা হিসেবে শুটিংয়ে দাঁড়ানোর দিনটির কথা এখনো তার মনে আছে। তখন অনেক ভয় কাজ করেছিল। দেখতে দেখতে ২৫ বছর কেটে গেছে।

চয়নিকার কাছে নির্মাণ শুধু পেশা নয়, অনেকটা প্রার্থনার মতো। তাই রজতজয়ন্তী উপলক্ষে বড় কোনো অনুষ্ঠান না করে দর্শকদের জন্য নতুন নাটক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তার ভাষায়, যে দর্শকদের ভালোবাসায় এত বছর ধরে নাটক বানিয়ে যাচ্ছেন, এই চারটি নাটক সেই দর্শকদের জন্যই তার বিশেষ উপহার।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *