এবার ঘটনাটিকে কেন্দ্র করে নারী ও শিল্পীদের প্রতি মানুষের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ও নিষ্ঠুরতা নিয়ে কথা বলেছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। মঙ্গলবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। পিয়া জান্নাতুল সরাসরি বাঁধনের নাম উল্লেখ না করে লেখেন, ‘মানুষ দিন দিন এতটা নিষ্ঠুর আর ইনসেনসিটিভ হয়ে যাচ্ছে, বিশেষ করে নারী আর শিল্পীদের প্রতি, যেটা সত্যিই ভাবায়।’ দেশের বাইরে অবস্থান করলেই মানুষের চিন্তাভাবনা কিংবা মানসিকতা বদলে যায় না বলেও মন্তব্য করেন পিয়া। তাঁর মতে, একটি সমাজ কতটা উন্নত, সেটি শুধু অর্থনৈতিক বা অবকাঠামোগত অগ্রগতি দিয়ে বিচার করা যায় না; বরং মানুষ অন্যকে কতটা সম্মান করে এবং কতটা মানবিক আচরণ করে, সেটিই গুরুত্বপূর্ণ।

পোস্টে তিনি আরও লেখেন, ‘দেশের বাইরে থাকলেই যে মানুষের চিন্তাভাবনা বদলে যায়, বা মনটা আরও খোলামেলা হয়ে যায় আসলে তা না। আমার কাছে আসল উন্নতি বোঝা যায় একজন মানুষ অন্যকে কতটা সম্মান করে, কতটা বুঝতে পারে, আর কতটা মানবিক থাকতে পারে, সেখানেই।’ এরপর আক্ষেপ প্রকাশ করে পিয়া বলেন, ‘দুঃখের বিষয়, এই জায়গাগুলোতেই আমরা যেন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছি।’
সম্প্রতি ইতালির ভেনিসে প্রকাশ্যে হেনস্তা ও হামলার অভিযোগ করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁর দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বাঁধনের ভাষ্য অনুযায়ী, হামলাকারীদের কয়েকজন নিজেদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দেন। এ সময় তাকে বিভিন্নভাবে হেনস্তা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনাটির পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এর মধ্যেই পিয়া জান্নাতুলের মন্তব্য নতুন করে সামনে এনেছে নারী ও শিল্পীদের প্রতি সহিংসতা এবং অসহিষ্ণুতার বিষয়টি।












