গত ২৬ আগস্ট হিমবাহ ধস ও আকস্মিক বন্যায় নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেপালের মানুষের উদ্দেশে সোনু লিখেছিলেন, ‘নেপাল, তুমি একা নও। খাবার, আশ্রয় এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি নিয়ে আমরা আসছি।’ সোনুর ‘সুদ চ্যারিটি ফাউন্ডেশন’ ভারত থেকে কম্বল ও খাদ্যসামগ্রী নিয়ে নেপালে পৌঁছেছে। ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে দেখা করে তাদের প্রয়োজনীয় সহায়তার বিষয়েও খোঁজ নিচ্ছে সংগঠনটি।

সোনু বলেন, ‘আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে এসেছি। ভারত থেকে প্রয়োজনীয় অনেক জিনিসপত্র নিয়ে এসেছি। যাদের প্রয়োজন, তাদের পাশে থাকাই আমাদের লক্ষ্য। তাদের জীবন আবার স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা করব।’ তিনি জানান, কম্বল ও খাবারের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আরও কী কী প্রয়োজন, তা জানার চেষ্টা চলছে। প্রয়োজন অনুযায়ী ভারত থেকে সেসব সামগ্রী পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
করোনার সময়ও মানুষের পাশে দাঁড়িয়ে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন সোনু সুদ। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো, চিকিৎসা সহায়তা এবং অসহায় মানুষের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করেছিলেন তিনি।

এবার নেপালের দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে আবারও মানবিকতার নজির গড়লেন এই অভিনেতা।












