বাংলা রকের দুই জনপ্রিয় নাম জেমস ও হাসান। তাঁদের গানেই নব্বইয়ের দশক থেকে মাতোয়ারা একাধিক প্রজন্মের শ্রোতা। এবার আবারও একই মঞ্চে এই দুই রক তারকাকে দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা। সঙ্গে থাকছে দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ডের পরিবেশনা।
আগামী ২৩ অক্টোবর রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট। আয়োজক অ্যাডভেন্টর কমিউনিকেশনের উদ্যোগে আয়োজিত এই আসরে পারফর্ম করবেন নগরবাউলের জেমস ও আর্কের হাসান।
জেমস ও হাসানের পাশাপাশি মঞ্চ মাতাবে ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। এ ছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে ওয়ারফেজের সঙ্গে গিটার বাজাবেন অনি হাসান। থাকছে তাঁর একক পরিবেশনা এবং এ কে রাহুলের পারফরম্যান্সও।
এক মঞ্চে একাধিক প্রজন্মের প্রিয় গান
বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাসে জেমস ও হাসানের অবস্থান আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তাঁদের গান দীর্ঘদিন ধরে শ্রোতাদের পছন্দের তালিকায় রয়েছে। অন্যদিকে ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য নিজেদের গান ও পরিবেশনার মধ্য দিয়ে তৈরি করেছে স্বতন্ত্র শ্রোতাগোষ্ঠী।
সব মিলিয়ে এবারের আয়োজনটি শুধু তারকাদের পরিবেশনা নয়, বরং বাংলা রকের বিভিন্ন সময়ের জনপ্রিয় গান ফিরে পাওয়ারও উপলক্ষ হয়ে উঠতে পারে। বিশেষ করে নব্বইয়ের দশকের রকসংগীতের ভক্তদের কাছে জেমস ও হাসানের একই মঞ্চে উপস্থিতি বাড়তি আকর্ষণ তৈরি করবে।

টিকিটের দাম ৯৯৯ টাকা
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি সম্পন্ন হয়েছে। টিকিট বিক্রিও শুরু হয়েছে অনলাইনে। টিকিফাই ডট লাইভে আর্লি বার্ড ক্যাটাগরির টিকিটের দাম রাখা হয়েছে ৯৯৯ টাকা।
২০২২ সাল থেকে ‘রক এন রিদম’ আয়োজন করে আসছে অ্যাডভেন্টর কমিউনিকেশনস। প্রথম আসরের পর ধারাবাহিকভাবে আয়োজনটি রক ও মেটালসংগীতের শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছে। আগের আসরগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার পঞ্চম আয়োজনটি আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।
২৩ অক্টোবরের কনসার্ট ঘিরে তাই তৈরি হচ্ছে বাড়তি আগ্রহ। জেমস-হাসানের গান, ওয়ারফেজের গিটার আর জনপ্রিয় ব্যান্ডগুলোর পরিবেশনা মিলিয়ে ঢাকার সংগীতপ্রেমীরা পেতে পারেন স্মৃতিময় এক রক সন্ধ্যা।












