ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে ভক্তদের আশ্বস্ত করেছেন এই অভিনেতা। তিনি জানিয়েছেন, বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটায় স্বস্তি পেয়েছেন। চিকিৎসা নেওয়ার পর বর্তমানে বিশ্রামে আছেন তিনি।
নিজের অবস্থার কথা জানাতে গিয়ে খায়রুল বাসার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় সুস্থ আছি। আজ বিকেলে স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে কিছুটা ইনজুরড হয়েছি। ইনশাআল্লাহ দ্রুতই সেরে উঠব।’

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। অনেকেই যোগাযোগ করে তাঁর খোঁজ নেওয়ার চেষ্টা করেন। তাঁদের উদ্দেশে অভিনেতা বলেন, খুব বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। বরং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে আশ্বস্ত করেছেন তিনি।

খায়রুল বাসারের কথায়, ‘খুব বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, শুকরিয়া। যারা খোঁজ নিয়েছেন, সবার প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল। অনেকেই উদ্বিগ্ন হয়ে যোগাযোগ করার চেষ্টা করছেন, তাই সবাইকে বিষয়টি জানানো জরুরি মনে করলাম। আমি এখন একদম ঠিকঠাক আছি।’
দুর্ঘটনার পর আপাতত বিশ্রাম নিচ্ছেন অভিনেতা। তবে থাইল্যান্ড সফর অসমাপ্ত রেখে ফিরতে চান না তিনি। বরং সুস্থ হয়ে বাকি সময়টা উপভোগ করে তারপর দেশে ফেরার পরিকল্পনা তাঁর।
ভক্তদের কাছে দোয়া চেয়ে খায়রুল বাসার জানিয়েছেন, আরও কিছুদিন থাইল্যান্ডের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ঘোরার পরিকল্পনা রয়েছে তাঁর। সবশেষে নিজের সুস্থতার পাশাপাশি ভক্তদেরও ভালো থাকার শুভকামনা জানিয়েছেন এই অভিনেতা।
শুটিংয়ের ব্যস্ততার ফাঁকে ভ্রমণে গিয়ে এমন দুর্ঘটনা নিঃসন্দেহে অস্বস্তিকর অভিজ্ঞতা। তবে আপাতত বড় কোনো বিপদ না হওয়ায় স্বস্তিতেই আছেন খায়রুল বাসার। এখন তাঁর প্রত্যাশা দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে সুন্দরভাবে ভ্রমণ শেষ করে দেশে ফেরা।












