মডেলিং দিয়ে যাত্রা শুরু। এরপর নাটক ও ওয়েবের পর্দায় অভিনয় করে নজর কেড়েছেন। প্রথম অভিনয়েই পেয়েছেন দর্শকের প্রশংসা, জিতেছেন সেরা নবাগত অভিনয়শিল্পীর পুরস্কার। এবার সেই পথচলায় যুক্ত হচ্ছে আরও বড় অধ্যায়। জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর সিনেমা ‘আন্ধার’ দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তরুণ অভিনেতা ফররুখ আহমেদ রেহানের।

চলতি বছরের শেষভাগে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে সিনেমাটির। এরই মধ্যে শুটিং ও ডাবিংয়ের কাজ শেষ হয়েছে। ভারতের মুম্বাইয়ে চলছে পোস্ট-প্রোডাকশন ও সম্পাদনার কাজ। মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও সিনেমাটি ঘিরে প্রচারণার প্রস্তুতি শুরু হয়েছে।
‘আন্ধার’-এ রেহানের সঙ্গে থাকছেন দেশের একঝাঁক শক্তিশালী অভিনয়শিল্পী। সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিনের মতো তারকাদের সঙ্গে একই সিনেমায় দেখা যাবে তাঁকে। নতুন মুখ হিসেবে বড় পর্দায় অভিষেক হচ্ছে রেহান ও স্বর্ণালী চৈতির।
মডেলিং দিয়ে শুরু
রেহানের পুরো নাম ফররুখ আহমেদ। টাঙ্গাইলের এই তরুণ ২০১৭ সাল থেকে মডেলিংয়ের সঙ্গে যুক্ত। বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের হয়ে কাজ করার পাশাপাশি রানওয়ে ও বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে তাঁকে। তবে মডেলিং তাঁর কাছে কখনোই শেষ গন্তব্য ছিল না; অভিনয়ের প্রতি আগ্রহ ছিল শুরু থেকেই।

তাঁর পথটাও খুব মসৃণ ছিল না। মধ্যবিত্ত পরিবারের সন্তান রেহান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পড়াশোনার সময় আর্থিক সংকটের কারণে তাঁকে কাজও করতে হয়েছে। একসময় ঢাকার একটি কফিশপে বারিস্তা হিসেবে কাজ করার পাশাপাশি টিউশনিও করেছেন। সেই জায়গা থেকে ধীরে ধীরে মডেলিংয়ের জগতে পরিচিতি তৈরি করেন তিনি।
প্রথম অভিনয়েই নজর
রেহানের অভিনয়জীবনের শুরুটা হয়েছিল ওটিটিতে। ভিকি জাহেদের ‘আরারাত’ ওয়েব সিরিজে স্বল্প সময়ের উপস্থিতিতেই দর্শকদের চমকে দেন তিনি। সিরিজে তাঁর চরিত্রের উপস্থিতি খুব বেশি সময়ের না হলেও অভিনয় নিয়ে আলোচনা তৈরি হয়। সেই কাজের পরই নতুন এই মুখকে নিয়ে আগ্রহ বাড়তে থাকে দর্শকদের।
এরপর মিজানুর রহমান আরিয়ানের ‘যুগল’ নাটকের মাধ্যমে নাটকে অভিষেক হয় তাঁর। সেখানে আহনাফ চরিত্রে অভিনয় করেন রেহান। মজার বিষয় হলো, চরিত্রটির সঙ্গে তাঁর নিজের জীবনেরও কিছুটা মিল ছিল—আহনাফ যেমন মডেল হওয়ার স্বপ্ন দেখে, রেহানের নিজের পথচলাতেও মডেলিং ছিল গুরুত্বপূর্ণ অধ্যায়।

‘যুগল’ তাঁকে শুধু দর্শকের পরিচিতিই দেয়নি, এনে দিয়েছে পুরস্কারের স্বীকৃতিও। এই নাটকে অভিনয়ের জন্য ২০২৫ সালে মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা নবাগত অভিনয়শিল্পী নির্বাচিত হন রেহান। তাঁর অভিনয়জীবনের একেবারে শুরুর দিকেই এমন স্বীকৃতি তাঁকে আরও আত্মবিশ্বাসী করে তোলে।
একের পর এক কাজে ব্যস্ততা
‘যুগল’-এর পর আর থেমে থাকেননি রেহান। ‘বাতাসে প্রেমের ঘ্রাণ’, ‘শেষ থেকে শুরু’সহ বিভিন্ন নাটকে অভিনয় করেছেন। মেহজাবীন চৌধুরীর সঙ্গে ‘নীল সুখ’ ওয়েব ফিল্মেও দেখা গেছে তাঁকে। পাশাপাশি জাহিদ প্রীতমের ‘থার্সডে নাইট’-এর মতো কাজেও যুক্ত হয়েছেন।

অর্থাৎ, বড় পর্দায় যাওয়ার আগেই ছোটপর্দা ও ওটিটিতে নিজের অভিনয়ের জায়গাটা তৈরি করে নিয়েছেন রেহান। এবার সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চান সিনেমায়।
‘আন্ধার’-এ হিমেল
রায়হান রাফীর ‘আন্ধার’-এ রেহান অভিনয় করছেন হিমেল চরিত্রে। সিনেমাটিতে সিয়াম আহমেদকে দেখা যাবে গোয়েন্দা কর্মকর্তা দেলোয়ার চরিত্রে। চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন শমসের চরিত্রে এবং নাজিফা তুষিকে দেখা যাবে নাদিয়া চরিত্রে। আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ারসহ আরও অনেক পরিচিত অভিনয়শিল্পী আছেন সিনেমাটিতে।
‘আন্ধার’-এর গল্প লিখেছেন সাইদুস সালেহীন সুমন, শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। শাকিব চৌধুরী ও সাইদুস সালেহীন সুমনের ভূত নিয়ে দীর্ঘদিনের গবেষণা এবং ‘ভৌতিস্ট’ নামের রেডিও অনুষ্ঠানের অভিজ্ঞতা থেকেও সিনেমাটির গল্পের সূত্র এসেছে বলে জানা গেছে। ফলে সিনেমাটি যে প্রচলিত ধারার বাইরে গিয়ে ভৌতিক আবহে নির্মিত হচ্ছে, সেটিও ইতোমধ্যে স্পষ্ট।
রাফীর সিনেমায় অভিষেক-চ্যালেঞ্জও বড়

একদিকে রায়হান রাফীর মতো জনপ্রিয় নির্মাতার সিনেমা, অন্যদিকে সিয়াম-চঞ্চলদের মতো প্রতিষ্ঠিত অভিনেতাদের সঙ্গে একই ফ্রেম। রেহানের জন্য বড় পর্দায় অভিষেকের মঞ্চটা তাই নিঃসন্দেহে বড়।
তবে এই সুযোগ হঠাৎ করে আসেনি। মডেলিং থেকে অভিনয়ে এসে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। ‘আরারাত’-এ ছোট উপস্থিতি থেকে ‘যুগল’-এ গুরুত্বপূর্ণ চরিত্র, এরপর পুরস্কার—প্রতিটি ধাপ যেন তাঁকে প্রস্তুত করেছে বড় পর্দার জন্য।
এখন অপেক্ষা শুধু দর্শকের সামনে ‘হিমেল’ হয়ে নিজেকে কতটা মেলে ধরতে পারেন, সেটি দেখার।
সামনে নতুন রেহান
২০২৬ সালের শেষভাগে ‘আন্ধার’ প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে। বিশ্বকাপের পরই সিনেমাটির প্রচারণা জোরদার করার পরিকল্পনার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। ইতোমধ্যে রেহানও নিজের প্রথম সিনেমার প্রচারণা নিয়ে প্রস্তুতি শুরু করেছেন।

রেহানের ক্যারিয়ারের দিকে তাকালে গল্পটা বেশ আশাব্যঞ্জক। একসময় ফ্যাশন র্যাম্পের পরিচিত মুখ, পরে বিজ্ঞাপন ও ওয়েবের অভিনেতা তারপর নাটকে পুরস্কার। এবার সেই পথচলা পৌঁছাচ্ছে বড় পর্দায়।
আর অভিষেকটাও সাধারণ কোনো সিনেমায় নয়; রায়হান রাফীর ‘আন্ধার’-এর মতো আলোচিত একটি সিনেমায়। সামনে তাই রেহানের জন্য অপেক্ষা করছে নতুন পরীক্ষা।
মডেলিংয়ের ক্যামেরা থেকে নাটকের ক্লোজআপ, ওটিটির প্রশংসা পেরিয়ে এবার বড় পর্দা। ‘আন্ধার’-এর হিমেল চরিত্র দিয়ে ফররুখ আহমেদ রেহান শেষ পর্যন্ত কতটা আলোড়ন তুলতে পারেন, সেটিই এখন দেখার।












