১২ অক্টোবর রাতে নিজের ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার করেন অপু। স্টাইলিশ পোশাকে কেক হাতে নানা ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দেন এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে সংক্ষেপে লেখেন, ‘বার্থডে গার্ল’।
অপুর জন্মদিন উদযাপন শুরু হয় শনিবার দিবাগত রাতে। নতুন দিনের প্রথম প্রহরে ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কাটেন তিনি। সেই কেকের ওপর লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মম। আই লাভ ইউ।’ মা-ছেলের এই বিশেষ মুহূর্তও জন্মদিনের আনন্দকে বাড়িয়ে দেয়।

এর আগে জন্মদিনের আগাম বার্তা দিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন অপু। সাদাকালো আবহে তৈরি সেই ভিডিও ও ছবির ক্যাপশনে নিজের নতুন বছর নিয়ে প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর।’
অপুর নতুন লুক প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে দেখা গেছে নানা প্রতিক্রিয়া। অনেকেই তাঁর সৌন্দর্য ও স্টাইলের প্রশংসা করেছেন। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রীর আগামী দিনের জন্য শুভকামনাও জানিয়েছেন তাঁরা।
তবে ছবির ক্যাপশনে ব্যবহৃত ‘বার্থডে গার্ল’ শব্দবন্ধটি নিয়েও মন্তব্য করেছেন কেউ কেউ। তাঁদের মতে, অপু বিশ্বাসকে ‘গার্ল’ না বলে ‘লেডি’ বলাই বেশি মানানসই। এক নেটিজেন লিখেছেন, ‘বার্থডে লেডি, নট গার্ল অ্যাকচুয়ালি।’ অর্থাৎ, জন্মদিনের শুভেচ্ছায় ‘গার্ল’-এর পরিবর্তে ‘লেডি’ সম্বোধনকেই প্রাধান্য দিয়েছেন তিনি।

অভিনেত্রীর পোশাক নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। তবে সব মিলিয়ে জন্মদিনের ছবি, নতুন লুক এবং ক্যাপশনের শব্দচয়ন, তিন বিষয়েই নেটিজেনদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন অপু বিশ্বাস।
ঢালিউডের এই অভিনেত্রীর জন্মদিন ঘিরে ভক্তদের ভালোবাসা ও শুভকামনাই আবারও প্রমাণ করেছে, পর্দার বাইরেও তাঁর উপস্থিতি দর্শক-অনুরাগীদের কাছে বেশ আলোচিত।










