সুখী দাম্পত্যের ফর্মুলা ফাঁস করলেন শুভ!

FilmsUPDATE

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় চরকির নতুন অরিজিনাল ফিল্মটির প্রিমিয়ার। সেখানে উপস্থিত ছিলেন ছবির দুই প্রধান অভিনয়শিল্পী আরিফিন শুভ ও কেয়া পায়েলসহ নির্মাতা ও কলাকুশলীরা।

প্রিমিয়ার শেষে সংবাদকর্মীদের মুখোমুখি হন শুভ। ছবির বিষয়বস্তু যেহেতু দাম্পত্য জীবন, তাই স্বাভাবিকভাবেই তাঁর কাছে জানতে চাওয়া হয়, বিবাহিত জীবনে সুখী থাকার রহস্য কী?

উত্তরে হাস্যরসের আশ্রয় নিয়ে অভিনেতা বলেন, ‘ম্যারিড লাইফে হ্যাপি থাকার রেসিপি হচ্ছে, প্রত্যেক সপ্তাহে একবার করে “হ্যাপিলি ম্যারিড” দেখতে হবে। শুক্রবার দিন সকালবেলা উঠে এটি একবার করে দেখতে হবে, তাহলেই হ্যাপি ম্যারিড থাকতে পারবেন।’

শুভর এমন মজার পরামর্শে হাসিতে মেতে ওঠেন উপস্থিত সংবাদকর্মী ও অতিথিরা। তবে তাঁর এই মন্তব্যের পেছনে ছিল নতুন সিনেমাটির প্রচারণাও।

সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?

‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমায় প্রথমবারের মতো কেয়া পায়েলের সঙ্গে জুটি বেঁধেছেন আরিফিন শুভ। সহশিল্পী ও পুরো টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, ক্যামেরার সামনে ও পেছনে থাকা সবার সঙ্গে কাজ করে দারুণ সময় কেটেছে। কাজটি করতে সবাইকে অনেক পরিশ্রম করতে হলেও পুরো প্রক্রিয়ায় আনন্দও ছিল।

এদিকে দর্শকেরা তাঁকে নিয়মিত পর্দায় দেখতে না পাওয়ার কারণ জানতে চাইলে শুভ বলেন, কাজের সুযোগ তিনি নিজে তৈরি করেন না, বরং সুযোগ তাঁর কাছে আসে। সামনে কাজের সুযোগ ও উপযুক্ত কারণ যত বেশি তৈরি হবে, দর্শকেরাও তাঁকে তত বেশি পর্দায় দেখতে পাবেন।

‘হ্যাপিলি ম্যারিড’ নিয়ে কৌতূহল

কিছুদিন আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শুধু ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে একটি স্ট্যাটাস দিয়েছিলেন শুভ। সেটি ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল নানা কৌতূহল। অনেকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন কোনো ঘোষণার ইঙ্গিত ভেবেছিলেন। পরে জানা যায়, স্ট্যাটাসটি ছিল মূলত নতুন সিনেমার প্রচারণার অংশ।

ছবির গল্পে রয়েছে সমসাময়িক সম্পর্কের মনস্তাত্ত্বিক ও সামাজিক টানাপোড়েন। এখানে আনিস চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। সহজ-সরল ও সৎ স্বভাবের এই যুবকের বিপরীতে রয়েছেন অনামিকা, যে চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে। আধুনিক শহুরে জীবন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চুয়াল জগতের প্রতি অনামিকার আকর্ষণ গল্পে তৈরি করেছে ভিন্ন মাত্রা।

ছবিয়াল সহ-প্রযোজিত এবং চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের সপ্তম ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’। আগামী ৮ অক্টোবর এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে চরকিতে।

প্রিমিয়ার অনুষ্ঠানে শুভ ও কেয়া পায়েল ছাড়াও উপস্থিত ছিলেন চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি, নির্মাতা জাহিদ প্রীতম, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও দীপা খন্দকার, অভিনেতা ও নির্মাতা সালাহউদ্দিন লাভলু, আরেফিন জিলানীসহ অন্য কলাকুশলীরা।

দাম্পত্য জীবনের নানা দিক নিয়ে নির্মিত এই সিনেমা দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা। আপাতত শুভর মজার ফর্মুলা নিয়ে আলোচনায় রয়েছে ছবিটি।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *