সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তাদের ছবি ও ভিডিও ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। একসঙ্গে তোলা ছবিতে অপু ও আদরের জুটি নিয়ে প্রশংসা করছেন অনেকেই। দুজনের সাজ ও উপস্থিতির প্রশংসা করে কেউ কেউ মন্তব্য করেছেন, জুটি হিসেবে তাদের বেশ মানিয়েছে।
অপু বিশ্বাস নিজেই তার ফেসবুক পেজে ফটোশুটের বেশ কিছু ছবি ও একটি ভিডিও প্রকাশ করেছেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সোনায় মোড়ানো, ভালোবাসায় নোঙর করা।’

ফটোশুটে অপুকে দেখা গেছে জলপাই রঙের নকশা করা লেহেঙ্গায়। এর সঙ্গে ছিল হলুদ রঙের ওড়না। পোশাকের সঙ্গে ভারী গয়না ব্যবহার করে সম্পূর্ণ করেছেন কনের সাজ। কানে ও গলায় নজরকাড়া অলংকারে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে তার লুক।
অন্যদিকে আদর আজাদকে দেখা গেছে বরবেশে। লাল রঙের কারুকাজ করা পাঞ্জাবিতে তাকে বেশ রাজকীয় লাগছিল। ফটোশুটে দুজনকে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে।

কখনো অপুর লাল দোপাট্টার আড়ালে আদরকে দেখা গেছে, আবার কখনো দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিতে দেখা গেছে। অপুর হাসিমাখা মুখ ও আদরের বরবেশ দুই মিলিয়ে ছবিগুলোতে ফুটে উঠেছে উৎসবমুখর আবহ।
এই বিশেষ ফটোশুটের পেছনে থাকা মেকওভার, পোশাক, গহনা, স্টাইলিং ও কনসেপ্টের সঙ্গে যুক্তদেরও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রেডিট দিয়েছেন অপু বিশ্বাস।
প্রকাশের পর থেকেই ছবিগুলো নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে চলছে আলোচনা। অপু বিশ্বাস ও আদর আজাদের টাইমলাইনেও এখন শোভা পাচ্ছে তাদের এই ব্যতিক্রমী ব্রাইডাল ফটোশুটের ছবি।










