শনিবার ফেসবুক লাইভে এসে নিজের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে কথা বলেন তানিয়া বৃষ্টি। সেখানেই জানান, বর্তমানে তার কেমোথেরাপি চলছে। ছয় মাসের চিকিৎসা পরিকল্পনার মধ্যে এরই মধ্যে তিন মাস শেষ হয়েছে, এখন চলছে চতুর্থ মাসের কেমো।
তানিয়া বলেন, আরও দুই মাস কেমোথেরাপি নেওয়ার পর বেশ কিছু পরীক্ষা করা হবে। সেই পরীক্ষার রিপোর্ট দেখে পরবর্তী চিকিৎসা কী হবে, সে বিষয়ে চিকিৎসকেরা সিদ্ধান্ত জানাবেন।
কাজে ফেরার ইচ্ছা
অসুস্থতার কারণে দীর্ঘ সময় শুটিং থেকে দূরে থাকলেও অভিনয়ে ফেরার ইচ্ছা রয়েছে তানিয়ার। তিনি জানান, চলতি মাস থেকেই কাজ শুরু করার ইচ্ছা আছে তার। এ নিয়ে কথাবার্তাও চলছে। তবে ঠিক কবে থেকে শুটিং শুরু করবেন, সেটি এখনো চূড়ান্ত হয়নি।

অভিনেত্রী বলেন, অসুস্থতার কারণে প্রায় নয় মাস শুটিং করতে পারেননি তিনি। সেই সময় শারীরিক অবস্থা তুলনামূলক বেশি খারাপ ছিল। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় অনেকটা ভেবেচিন্তেই আবার কাজে ফেরার সিদ্ধান্ত নিচ্ছেন।
দর্শকদের ভালোবাসাই অনুপ্রেরণা
অভিনয়ে ফেরার পেছনে দর্শকদের ভালোবাসাকেও বড় অনুপ্রেরণা হিসেবে দেখছেন তানিয়া। যারা তাকে ভালোবাসেন, নিয়মিত সমর্থন করেন এবং তার ফেরার অপেক্ষায় আছেন, তাদের ইচ্ছাকে গুরুত্ব দিতে চান এই অভিনেত্রী।

লাইভের শেষ দিকে অসুস্থতার সময় পাশে থাকা দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। যারা তার জন্য দোয়া করেছেন, খোঁজ নিয়েছেন এবং আবার পর্দায় ফেরার অপেক্ষায় ছিলেন, তাদের ধন্যবাদ জানান তানিয়া।
হাতে রয়েছে ‘ট্রাইব্যুনাল’
অসুস্থতার মধ্যেও তানিয়ার হাতে রয়েছে সিনেমার কাজ। রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় অভিনয় করছেন তিনি। সিনেমাটিতে তানিয়ার সঙ্গে আরও দেখা যাবে তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন ও উপমাকে।










