রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর এবার ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তা। দুর্ঘটনার জন্য দায়ী গাড়ির মালিক ও চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ৪ অক্টোবর দুপুর ১২টায় বনানী থানার সামনে অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন তিনি।
গত ২৮ জুলাই রাতে বনানীতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন মেঘলা মুক্তা। দুর্ঘটনার পর তার শারীরিক অবস্থা এতটাই সংকটাপন্ন ছিল যে টানা এক মাস নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিতে হয় তাকে। দীর্ঘ চিকিৎসার পর শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেও দুর্ঘটনার বিচার নিয়ে এখনো উদ্বেগে রয়েছেন এই অভিনেত্রী।
মেঘলা মুক্তার অভিযোগ, দুর্ঘটনার পরপরই বনানী থানা পুলিশের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরে দুর্ঘটনায় জড়িত গাড়ি ও অভিযুক্ত চালককে আটক করা হলেও প্রভাবশালী মহলের তদবির ও বাধার কারণে অভিযুক্তরা শাস্তি এড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এতে ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে তার মনে।
এ পরিস্থিতিতে প্রশাসনের উদাসীনতার প্রতিবাদ জানিয়ে এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে রাজপথে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মেঘলা মুক্তা। আজকের অবস্থান কর্মসূচি শেষে সাংবাদিকদের সামনে দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি, আইনি পদক্ষেপ এবং বিচারপ্রক্রিয়া নিয়ে নিজের বক্তব্য তুলে ধরবেন তিনি।
কর্মসূচিতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী।
দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতার পর এবার বিচারের দাবিতে মেঘলা মুক্তার এই উদ্যোগ কতটা গুরুত্ব পায়, সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।












