কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’ এবার ঢাকার মঞ্চে

UPDATE

নাট্যদল এক্টোম্যানিয়ার চতুর্থ প্রযোজনা হিসেবে মঞ্চে আসছে নাটকটি। নাট্যরূপ দিয়েছেন মাহফুজ ইসলাম মেঘ এবং নির্দেশনা দিয়েছেন তালহা জুবায়ের। ‘দ্য আলকেমিস্ট’-এর গল্পে আন্দালুসিয়ার এক তরুণ স্বপ্নের সন্ধানে মিসরের পিরামিডের উদ্দেশে যাত্রা করে। অচেনা পথ, নানা অভিজ্ঞতা ও মানুষের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে তার এই যাত্রা শেষ পর্যন্ত হয়ে ওঠে আত্মঅন্বেষণের গল্প। সেই দর্শনই এবার নাট্যমঞ্চে নতুন আঙ্গিকে তুলে ধরা হয়েছে।

নাটকটির মূল ভাবনা মানুষের স্বপ্ন ও জীবনের লক্ষ্যকে ঘিরে। বর্তমান সময়ে ক্যারিয়ার ও সাফল্যের দৌড়ে নিজের আসল চাওয়া অনেক সময় হারিয়ে যায়। সেই জায়গা থেকেই মানুষকে নিজের স্বপ্নের দিকে আবার তাকানোর আহ্বান জানাবে ‘দ্য আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’।

নির্দেশক তালহা জুবায়ের বলেন, বর্তমান সময়ের ব্যস্ততা ও প্রতিযোগিতার মধ্যে মানুষ প্রায়ই ভুলে যায় জীবনে আসলে কী করতে চেয়েছিল। ‘আলকেমিস্ট’ তাকে নিজের ভেতরের তাগিদ ও স্বপ্নের কথা মনে করিয়ে দেয়। এই প্রযোজনার মাধ্যমে দর্শকদের নতুন করে স্বপ্ন দেখতে এবং নিজেদের আত্মিক যাত্রা নিয়ে ভাবতে উৎসাহিত করতে চান তারা।

আগামী ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। এরপর ১৮ সেপ্টেম্বর বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় দুটি এবং ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় আরও দুটি প্রদর্শনী হবে। সব মিলিয়ে পাঁচটি প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের সামনে আসবে ‘দ্য আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শশাঙ্ক সাহা, কামরুজ্জামান তাপু, সায়েম সিজান, সালাউদ্দিন ইভান, কামরুল তিহান, ফাতেমা ইলমা, সায়েরা আকতার, মাহবুবা মৌ, সানবি মীর, জয়ব্রত বিশ্বাস, মাহফুজ ইসলাম মেঘ, মইনুল বাপ্পী, বরিষ-ধরা, সাকিব শুভ, ঐশি রায়, দিবাকর জিতু, সাদ, রিহাদ ইসলাম, আরিয়ান, সুলাইহা তারজিয়া, রুদ্র ও জনি।

পাওলো কোয়েলহোর বহুলপঠিত গল্পের স্বপ্ন, অনুসন্ধান ও আত্মউপলব্ধির দর্শনকে ঢাকার মঞ্চে কতটা ভিন্নভাবে উপস্থাপন করে এক্টোম্যানিয়া, এখন সেটিই দেখার অপেক্ষা।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *