সামিয়া আফরিন দীর্ঘদিন ধরেই ক্যানসারের চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছেন। কোলন ক্যানসার থেকে সুস্থ হওয়ার পর সম্প্রতি তার জরায়ুতে ক্যানসার শনাক্ত হয়। এরপর শুরু হয় নতুন করে চিকিৎসা ও কেমোথেরাপি। নিজের শারীরিক অবস্থার বিভিন্ন আপডেট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আসছেন তিনি।

গত ২৩ আগস্ট এক পোস্টে নতুন করে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কথা জানান সামিয়া। কেমোথেরাপির কারণে চুল পড়ে যেতে পারে এমন আশঙ্কায় তার আগেই চুল ছোট করে ফেলেছিলেন তিনি। এবার ফেসবুকে নিজের ন্যাড়া মাথার ছবি প্রকাশ করেছেন সামিয়া। ছবির সঙ্গে দেওয়া দীর্ঘ পোস্টে নিজের পরিবর্তিত চেহারা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
সামিয়া লেখেন, জীবনে আবারও এমন একটি সময় আসবে, যখন তার মাথা পুরোপুরি ন্যাড়া হয়ে যাবে এটা কখনো ভাবেননি। ছোটবেলায় এমন অভিজ্ঞতা থাকলেও তখন বিষয়টি বোঝার মতো বয়স ছিল না। কিন্তু বড় হওয়ার পর বিশেষ একটি কারণে এভাবে চুল হারানোর অভিজ্ঞতা তার জন্য সহজ ছিল না।
তবে চুল হারানোর বিষয়টিকে নেতিবাচকভাবে না দেখে বাস্তবতাকে মেনে নেওয়ার কথা জানিয়েছেন তিনি। সামিয়ার ভাষায়, জীবনের কিছু বিষয় পছন্দের না হলেও মেনে নিতে হয়। কিছু পরিবর্তন সহজ না হলেও তা গ্রহণ করার মধ্যেই এগিয়ে যাওয়ার শক্তি রয়েছে। নিজের এই নতুন রূপকেও তাই গ্রহণ করে নিয়েছেন তিনি।
সৌন্দর্য নিয়েও নিজের উপলব্ধি তুলে ধরেছেন সামিয়া। তার মতে, সৌন্দর্য শুধু আয়নায় দেখা চেহারার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে পারার মধ্যেই প্রকৃত সৌন্দর্য। নিজের ন্যাড়া মাথার এই চেহারাকে জীবনের একটি গল্প হিসেবেই দেখছেন সামিয়া। তার কাছে এটি কঠিন সময়ের গল্প হলেও একই সঙ্গে সাহস, গ্রহণযোগ্যতা এবং নিজের প্রতি ভালোবাসারও গল্প।
পোস্টের শেষেও নিজের প্রতি আত্মবিশ্বাসী থাকার বার্তা দিয়েছেন এই অভিনেত্রী ও উপস্থাপিকা। তিনি জানিয়েছেন, ন্যাড়া মাথা নিয়েও নিজের সত্তা নিয়ে তার কোনো সংকোচ নেই। বিশ্বাস রাখছেন, এই কঠিন সময়ও একদিন কেটে যাবে।
সামিয়ার এই ইতিবাচক মনোভাব ও আত্মবিশ্বাসী বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন।












