আলিয়ার সঙ্গে সেলফি, ভক্তের কপালে ধাক্কা!

UPDATE

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার মুম্বাইয়ে আলিয়ার প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন সিনেমা ‘ডোন্ট বি শাই’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ঘটনাটি ঘটে।

অনুষ্ঠান শেষে ভেন্যু থেকে বের হওয়ার সময় আলিয়াকে ঘিরে ধরেন ভক্তরা। অভিনেত্রীও তাদের নিরাশ করেননি। হাসিমুখে কয়েকজনের সঙ্গে ছবি তুলছিলেন তিনি। এর মধ্যেই ভিড়ের মধ্যে থেকে এক যুবক আলিয়ার বেশ কাছে গিয়ে সেলফি তোলার চেষ্টা করেন।

বিষয়টি নিরাপত্তাকর্মীর নজরে পড়তেই তিনি দ্রুত ওই ভক্তকে সরিয়ে দেন। ধাক্কায় কিছুটা হকচকিয়ে গেলেও ওই যুবক আবারও আলিয়ার কাছে যাওয়ার চেষ্টা করেন। তবে দ্বিতীয়বারও তাকে নিরাপত্তাকর্মীরা সরিয়ে দেন।

ঘটনার সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আলিয়ার প্রতিক্রিয়া নিয়ে। পাশে এমন পরিস্থিতি তৈরি হলেও অভিনেত্রীকে ওই ভক্তের দিকে ফিরেও তাকাতে দেখা যায়নি। তিনি বরং অন্য অনুরাগীদের সঙ্গে ছবি তোলাতেই ব্যস্ত ছিলেন। ফলে ঘটনাটি তিনি আদৌ খেয়াল করেছিলেন কি না, সেটিও স্পষ্ট নয়। এদিকে বোনের সঙ্গে যৌথভাবে প্রযোজনা প্রতিষ্ঠান গড়েছেন আলিয়া ভাট। সেই প্রতিষ্ঠান থেকেই নির্মিত ‘ডোন্ট বি শাই’ আগামী ২৫ সেপ্টেম্বর আমাজন প্রাইম ভিডিওতে মুক্তির কথা রয়েছে।

অন্যদিকে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাতেও দেখা যাবে আলিয়াকে। এতে তার সঙ্গে অভিনয় করছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। সিনেমাটি ২০২৭ সালের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *