পরিচালনায় ফিরছেন নায়ক রুবেল, আসছে ‘ছায়া : দ্য শ্যাডো’

DhallywoodFilmsUPDATE

২০০৮ সালের পর থেকে আর ক্যামেরার পেছনে দেখা যায়নি তাঁকে। দীর্ঘ প্রায় ১৮ বছরের বিরতি ভেঙে আবারও পরিচালনায় ফিরছেন রুবেল। এবার তাঁর নতুন সিনেমার নাম ‘ছায়া : দ্য শ্যাডো’।সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন অভিনেতা জয় চৌধুরী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে আলোচনায় আসা এই অভিনেতাকে সিনেমাটিতে দেখা যাবে একেবারে ভিন্ন রূপে।

জানা গেছে, ‘ছায়া : দ্য শ্যাডো’র গল্প আবর্তিত হবে একটি ভাইরাসকে কেন্দ্র করে। গল্পের প্রয়োজনে জয় চৌধুরীর চরিত্রকে সাধারণ কোনো নায়ক হিসেবে নয়, বরং ‘সুপার হিউম্যান’ হিসেবে পর্দায় উপস্থাপন করা হবে। আগামী অক্টোবরের তৃতীয় সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এতে জয়ের বিপরীতে দুই নায়িকা থাকবেন একজন বাংলাদেশের এবং অন্যজন কলকাতার। তবে তাঁদের নাম এখনো চূড়ান্ত হয়নি।

সিনেমাটি নিয়ে পরিচালক রুবেল এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাননি। তবে জয় চৌধুরী খবরটির সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য, সিনেমাটির গল্প ও পরিকল্পনা ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। বর্তমানে চলছে শুটিংয়ের প্রস্তুতি। সব আয়োজন সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হবে।

রুবেলের নির্মাণজীবনের সর্বশেষ ছবি ছিল ‘রক্ত পিপাসা’। ২০০৮ সালে সিনেমাটি নির্মাণের পর দীর্ঘ সময় পরিচালনা থেকে দূরে ছিলেন তিনি। একই সময়ে অভিনয় থেকেও নিজেকে অনেকটাই গুটিয়ে নেন।

দেড় যুগ পর তাঁর এই প্রত্যাবর্তন তাই চলচ্চিত্র অঙ্গনে নতুন কৌতূহল তৈরি করেছে। বিশেষ করে ভাইরাসকেন্দ্রিক গল্পে জয় চৌধুরীকে ‘সুপার হিউম্যান’ চরিত্রে উপস্থাপনের পরিকল্পনা সিনেমাটিকে ঘিরে দর্শকের আগ্রহ আরও বাড়িয়েছে।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *