সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কিছু ছবি পোস্ট করেন পূজা। ছবিগুলো প্রকাশের পরপরই তার নতুন লুক নিয়ে শুরু হয় আলোচনা। ভক্তদের অনেকেই অভিনেত্রীর সৌন্দর্য ও ছবির নান্দনিকতার প্রশংসা করেছেন।
ছবির একটিতে ক্যাফেতে বসে বেশ স্বচ্ছন্দ ভঙ্গিতে সময় কাটাতে দেখা যায় পূজাকে। সামনে ছিল কফি ও ফলের জুস। সাদা লেসের কাজ করা টপসের সঙ্গে চোখে সানগ্লাস সব মিলিয়ে সেখানে তার সাজ ছিল একেবারেই ক্যাজুয়াল।

তবে পরের ছবিগুলোতে আরও মায়াবী অবতারে দেখা যায় অভিনেত্রীকে। সবুজে ঘেরা শান্ত পরিবেশে পাথুরে পথের পাশে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। হাতে ও মুখের পাশে ছিল উজ্জ্বল লাল জবা ফুল। বিশেষ করে জবা ফুল দিয়ে মুখের একাংশ আড়াল করা ক্লোজআপ ছবিটি আলাদা করে নজর কেড়েছে। হালকা সবুজ ও গোলাপি রঙের পোশাকের সঙ্গে লাল ফুলের বৈপরীত্য পূজার পুরো লুককে দিয়েছে ভিন্ন মাত্রা।

ছবিগুলোর সঙ্গে নিজের অনুভূতিও তুলে ধরেছেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কখনো এই মুহূর্তের সৌন্দর্যে হারিয়ে যাই, কখনো জীবনের রঙে মুগ্ধ হই। জীবনের পরের ঢেউ আমাকে যেদিকেই ভাসিয়ে নিক, আমি সেখানেই শান্তিতে থাকতে প্রস্তুত।’ পূজার পোস্টে ভক্তদের প্রতিক্রিয়াও ছিল চোখে পড়ার মতো। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ মুগ্ধ হয়েছেন পোশাক ও ছবির উপস্থাপনায়। সব মিলিয়ে লাল জবা হাতে পূজার এই নতুন লুক আবারও তাকে আলোচনায় নিয়ে এসেছে।

এদিকে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও সম্প্রতি নানা আলোচনা চলছে। গুঞ্জন ছড়িয়েছিল, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন পূজা। তবে এমন খবর সরাসরি নাকচ করেছেন অভিনেত্রী।
পূজা জানিয়েছেন, তিনি এনগেজড হলেও এখনো বিয়ে করেননি। এমনকি বিয়ের তারিখও চূড়ান্ত হয়নি। চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তার জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন। তবে তার পরিচয় বা বিয়ের নির্দিষ্ট সময় তখনও প্রকাশ করেননি। এবারও নিজের অবস্থান স্পষ্ট করে পূজা বলেন, ‘আমি এনগেজড, কিন্তু আমি বিয়ে করিনি। আমার বিয়ের ডেটও ফিক্সড হয়নি। হলে আমি জানাবো।’
অর্থাৎ ১৬ সেপ্টেম্বর বিয়ের যে খবর ছড়িয়েছে, সেটিকে আপাতত গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে। বিয়ের তারিখ চূড়ান্ত হলে নিজেই সবাইকে জানাবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।












