সোমবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করেন পরীমণি। সেখানে তাকে গাড়িতে বসা অবস্থায় দেখা যায়। কোলে থাকা শিশুটিকে নিয়ে তিনি লিখেছেন, “তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।” এরপর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা তবে কি ফের মা হলেন এই অভিনেত্রী? পরীমণির মাতৃত্বের বিষয়টি অবশ্য নতুন নয়। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যকে নিয়ে একাই সংসার সামলাচ্ছেন তিনি। ২০২৪ সালে কন্যাশিশু দত্তক নেওয়ার কথাও প্রকাশ্যে জানান পরীমণি। মেয়ের নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম।

দুই সন্তানকে ঘিরেই বর্তমানে তার ব্যস্ততা। সামাজিক যোগাযোগমাধ্যমেও মাঝেমধ্যে সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন এই অভিনেত্রী। তবে এবার কোলে থাকা শিশুটি কে, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি পরীমণি। বরং তার রহস্যময় ক্যাপশনেই জল্পনা আরও বেড়েছে। অনেকেই ধারণা করছেন, হয়তো নতুন কোনো শিশুকে দত্তক নেওয়ার খবরই ইঙ্গিত করেছেন অভিনেত্রী। আবার কেউ কেউ মনে করছেন, এটি তার কোনো পরিচিতজনের সন্তানও হতে পারে।

শিশুটির পরিচয় জানতে সংবাদমাধ্যমের পক্ষ থেকে পরীমণির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বিষয়টি নিয়ে কথা বলেননি। ফলে ‘তিন নম্বর জন’ আসলে কে সন্তান, নাকি অন্য কোনো চমক তা এখনো পরিষ্কার নয়।
অর্থাৎ, পরীমণির নতুন করে মা হওয়ার বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নয়; পুরো বিষয়টিই তার পোস্টকে ঘিরে তৈরি হওয়া জল্পনা।












