একাধিক সূত্রের বরাতে জানা গেছে, ১৬ সেপ্টেম্বরই পূজার বিয়ের সম্ভাব্য তারিখ। তবে বিয়ের আয়োজন কোথায় হবে, পাত্র কে কিংবা অনুষ্ঠানে কারা থাকবেন এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি পূজা। চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা চেরি জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, তার জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন। তবে তখন হবু স্বামীর পরিচয় কিংবা বিয়ের তারিখ প্রকাশ করেননি তিনি।

এরপর গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, পূজা চেরির বিয়ে হয়ে গেছে। পরে বিষয়টি নিয়ে অভিনেত্রী নিজেই জানান, তার এখনো বিয়ে হয়নি। বিয়ে হলে সেটি গোপন রাখবেন না এমন কথাও জানিয়েছিলেন তিনি। সেই ঘটনার কয়েক সপ্তাহ পর এবার সামনে এসেছে ১৬ সেপ্টেম্বরের তারিখ। তবে সূত্রের এই দাবি এখনো পূজা চেরির পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তাই তার বিয়ের বিষয়ে চূড়ান্ত তথ্য জানতে অপেক্ষা করতে হচ্ছে অভিনেত্রীর আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

শিশুশিল্পী হিসেবে অভিনয়ে পথচলা শুরু করা পূজা চেরি পরবর্তীতে ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শান’ ও ‘গলুই’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে পরিচিতি পান। বিয়ের খবর সত্যি হলে ব্যক্তিজীবনে নতুন অধ্যায়ে পা রাখবেন এই অভিনেত্রী।












