‘সালমান শাহ স্মরণে’ শিরোনামের এই আয়োজন শুরু হচ্ছে রোববার (৬ সেপ্টেম্বর) এবং চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে প্রতিদিন বিকেল ৪টায় একটি করে সালমান শাহ অভিনীত চলচ্চিত্র প্রদর্শিত হবে। দর্শকদের জন্য প্রদর্শনী উন্মুক্ত ও বিনামূল্যে।
উৎসবের প্রথম দিন দেখানো হবে এম এ খালেক পরিচালিত ১৯৯৫ সালের চলচ্চিত্র ‘স্বপ্নের ঠিকানা’। এতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। ছবিতে আরও অভিনয় করেছেন সোনিয়া, রাজীব, আবুল হায়াত ও ডলি জহুর।

দ্বিতীয় দিন, ৭ সেপ্টেম্বর প্রদর্শিত হবে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া এই সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহ ও মৌসুমীর। একইসঙ্গে বড় পর্দায় জনপ্রিয় জুটি হিসেবে তাদের যাত্রা শুরু হয়।
উৎসবের শেষ দিন, ৮ সেপ্টেম্বর দেখানো হবে মতিন রহমান পরিচালিত ১৯৯৬ সালের চলচ্চিত্র ‘তোমাকে চাই’। এতে সালমান শাহর বিপরীতে ছিলেন শাবনূর। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন খলিল ও অমল বোস।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর মাত্র চার বছরের ক্যারিয়ারে সালমান শাহ অভিনয় করেন ২৭টি সিনেমায়। অভিনয়ের পাশাপাশি তার পোশাক-পরিচ্ছদ ও স্টাইলও তাকে নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত করে। মৃত্যুর তিন দশক পরও তার জনপ্রিয়তা ও মৃত্যুর রহস্য নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দারিয়াপাড়ায় নানা বাড়িতে জন্মগ্রহণ করেন সালমান শাহ। ছোটবেলায় ছায়ানটে সংগীতের তালিম নেন এবং গানও করতেন। চলচ্চিত্রে আসার আগে টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ শুরু করেন তিনি।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আজ, ৬ সেপ্টেম্বর তার মৃত্যুর ৩০ বছর পূর্ণ হলো।












