বাড়ি দখলের ঘটনা নিয়ে যা বললেন অভিনেত্রী দিলারা জামান

UPDATE

সম্প্রতি একটি সাক্ষাৎকারের অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। সেখানে দিলারা জামান বলেন, বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি নির্মাণ করেছিলেন তিনি। পরে সেই দেনা পরিশোধের জন্য বাড়িটি ভাড়া দেন। কিন্তু একপর্যায়ে ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া না পেয়ে বাড়িটি দখলের পরিস্থিতির মুখে পড়েন তিনি। সাক্ষাৎকারের ওই অংশে অভিনেত্রী বলেন, ‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া দিয়েছিলাম, কিন্তু ভাড়ার টাকা পাইনি। একপর্যায়ে ভাড়াটিয়া বাড়ি দখল করে নেয়। এখন ছোট্ট পাখির বাসার মতো ভাড়া বাড়িতে থাকি।’

তবে সাক্ষাৎকারে ঘটনার সময়কাল ও পরবর্তী পরিস্থিতি বিস্তারিতভাবে উঠে না আসায় অনেকেই বিষয়টিকে সাম্প্রতিক ঘটনা বলে মনে করেন। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। পরে বিষয়টি পরিষ্কার করে দিলারা জামান জানান, ঘটনাটি ঘটেছিল প্রায় ২০ থেকে ২৪ বছর আগে। ঢাকার শ্যামলীতে বাবার দেওয়া ছয় কাঠা জমিতে তার বাড়ি ছিল। একপর্যায়ে সেই বাড়ি দখল হয়ে গেলেও জমির প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে সঠিকভাবে সংরক্ষিত ছিল। কাগজপত্রের ভিত্তিতে আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি মাত্র দুই মাসের মধ্যে নিজের জমি বুঝে নেন। অর্থাৎ, দখল হয়ে যাওয়ার পর দীর্ঘদিন জমিটি হাতছাড়া অবস্থায় ছিল না।

জমি ফিরে পাওয়ার পর সেটি বিক্রি করে ২০০৮ সালে রাজধানীর উত্তরায় একটি ফ্ল্যাট কেনেন এই অভিনেত্রী। বর্তমানে সেখানেই বসবাস করছেন তিনি।

দিলারা জামান আরও জানান, শ্যামলীর সেই জমিতে বর্তমানে একটি দশতলা অ্যাপার্টমেন্ট ভবন নির্মিত হয়েছে। পুরোনো সেই ঘটনা নিয়ে নতুন করে আলোচনা হলেও বর্তমান জীবন নিয়ে কোনো আক্ষেপ নেই তার। তিনি ভালো আছেন এবং নিজের বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট বলেও জানিয়েছেন এই বর্ষীয়ান অভিনেত্রী।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *