টিজারের শুরুতেই নাজিফা তুষীর গুনগুন করে গান গাওয়ার দৃশ্য। তবে সেই শান্ত আবহ বেশিক্ষণ স্থায়ী হয় না। গানের সঙ্গে পেছনে দেখা যায় এক ভৌতিক হাত যা মুহূর্তেই তৈরি করে অস্বস্তিকর ও রহস্যময় পরিবেশ। এরপর ধীরে ধীরে সামনে আসে সিনেমাটির অন্ধকার জগতের নানা ঝলক। দুর্দান্ত কালার গ্রেডিং, চোখে পড়ার মতো ভিএফএক্স এবং হাড় হিম করা সাউন্ড ডিজাইন টিজারটিকে দিয়েছে আলাদা মাত্রা। বিশেষ করে শব্দের ব্যবহারে আতঙ্ক ও রহস্যের আবহ আরও ঘনীভূত হয়েছে।

টিজারে সিয়াম আহমেদের হার্ডকোর লুক ও ফাইট সিন নজর কেড়েছে। তার চরিত্রের উপস্থিতিতে অ্যাকশন ও থ্রিলের ইঙ্গিত মিলেছে। অন্যদিকে নাজিফা তুষীর চরিত্রে এসেছে বড় ধরনের পরিবর্তনের আভাস। টিজারের শেষ দৃশ্যে তুষীর ঘাড় অস্বাভাবিকভাবে ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে তাকানোর দৃশ্যটি তৈরি করেছে সবচেয়ে বেশি আতঙ্ক। মুহূর্তটিই যেন পুরো টিজারের ভয়ংকর আবহকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়।

মাত্র ১ মিনিট ২৬ সেকেন্ডের টিজারে গল্পের মূল রহস্য পুরোপুরি উন্মোচন না করে নির্মাতা দর্শকদের সামনে রেখেছেন একের পর এক প্রশ্ন। কী সেই অন্ধকার? নাজিফা তুষীর চরিত্রের সঙ্গে কী ঘটেছে? আর সিয়ামের চরিত্রই বা কোন রহস্যের পেছনে ছুটছে? এসব প্রশ্নের উত্তর জানতে সিনেমাটির মুক্তির অপেক্ষাতেই থাকতে হবে দর্শকদের।

রায়হান রাফীর পরিচালনায় ‘আন্ধার’ মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী অক্টোবর মাসে। সিনেমাটিতে সিয়াম আহমেদ ও নাজিফা তুষীর পাশাপাশি অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার, তানজিকা আমিন, ফররুখ আহমেদ রেহানসহ আরও অনেকে।
প্রথম পোস্টার ও চরিত্রগুলোর লুক প্রকাশের পর এবার টিজারে ‘আন্ধার’ যে হরর, থ্রিল ও রহস্যের মিশেলে বড় পর্দায় নতুন অভিজ্ঞতা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, সেটিই স্পষ্ট হয়েছে।












