মঙ্গলবার নিজের ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করেন পরীমনি। পোস্টের ক্যাপশনে শুধু লিখেছেন, ‘পরী’, সঙ্গে দিয়েছেন একটি প্রজাপতির ইমোজি।

ছবিগুলোতে দেখা যায়, খোলা আকাশের নিচে সাদা ও গোলাপি রঙের পোশাকে রয়েছেন অভিনেত্রী। কখনো ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন, আবার কখনো দুই হাত ছড়িয়ে যেন প্রকৃতির সঙ্গে নিজের মুহূর্তটুকু উপভোগ করছেন। আকাশজুড়ে সাদা মেঘ আর পেছনে গাছপালার উপস্থিতি ছবিগুলোতে যোগ করেছে আলাদা আবহ।

পরীমনির এমন স্বতঃস্ফূর্ত ছবি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে প্রশংসা। অনেকেই তার হাসি, পোশাক ও ছবির নান্দনিকতার প্রশংসা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির ছবি প্রকাশ নতুন কিছু নয়। এর আগেও নিজের অবসর, ভ্রমণ কিংবা ব্যক্তিগত মুহূর্তের ছবি দিয়ে আলোচনায় এসেছেন তিনি। গত জুলাইয়ে মেহেদি করা হাত ও রোদের আবহে তোলা ছবি প্রকাশ করেও ভক্তদের নজর কাড়েন এই অভিনেত্রী।

আবার আগস্টে সুইমিংপুলে কাঠগোলাপ কানে পরা পরীমনির কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত হয়।
কাজের বাইরে নিজের জীবনের নানা মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন পরীমনি। এবার নীল আকাশের নিচে তার এই হাসিমাখা ছবিগুলোও সেই ধারাবাহিকতায় নতুন করে নজর কাড়ল।












