হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন ধরে অসুস্থ বোধ করছিলেন ইমরান। পরে মুম্বাইয়ে তাঁর শারীরিক পরীক্ষা করা হলে সোয়াইন ফ্লুর সংক্রমণ ধরা পড়ে। এরপর চিকিৎসকের পরামর্শে তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি সিনেমার প্রচারণা ও অন্যান্য কাজের জন্য রাঁচিসহ ভারতের কয়েকটি শহরে সফর করেছিলেন ইমরান। মুম্বাই ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অসুস্থতার কারণে ব্যাঙ্গালুরুতে ‘আওয়ারাপন টু’-এর বিশেষ প্রদর্শনীতেও উপস্থিত হতে পারেননি অভিনেতা।

অনুষ্ঠানে থাকতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন ইমরান। তবে তাঁর অসুস্থতার মধ্যেও থেমে নেই ‘আওয়ারাপন টু’-এর বক্স অফিস যাত্রা।
স্বাধীনতা দিবসে মুক্তির পর সিনেমাটি ভারতের বাজারে এখন পর্যন্ত ৪০ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মুক্তির প্রথম দিনেই এটি ২০০৭ সালের মূল ‘আওয়ারাপন’ সিনেমার পুরো আয়কে ছাড়িয়ে যায়।
‘আওয়ারাপন টু’ ২০০৭ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় ক্রাইম-থ্রিলার ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল। বিশেশ ফিল্মসের ব্যানারে বিশেশ ভাট প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন নিতিন কক্কর। এতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি।
পুরোনো চরিত্র ও আবহে ইমরান হাশমির প্রত্যাবর্তন দর্শকদের মধ্যে ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। সিনেমার সাফল্যের মাঝেই অভিনেতার অসুস্থতার খবর তাঁর ভক্তদের উদ্বিগ্ন করেছে।












