ইলিয়াস কাঞ্চন কি মারা গেছেন? যা জানা গেল

DhallywoodUPDATE

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা নিচ্ছেন তিনি। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এই অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া মৃত্যুসংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য গণমাধ্যম, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়েছে তার পরিবার। পরিবারের অভিযোগ, একশ্রেণির অসাধু ব্যক্তি যাচাই-বাছাই ছাড়াই তার মৃত্যুর গুজব ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করছে।

ইলিয়াস কাঞ্চনের এমন মিথ্যা মৃত্যুসংবাদে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে নিরাপদ সড়ক চাই। সংগঠনটির কেন্দ্রীয় কমিটিসহ দেশের প্রায় ১২০টি শাখার নেতাকর্মীরা যৌথ বিবৃতিতে এই অপপ্রচারের প্রতিবাদ জানান। একই সঙ্গে গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নিসচার নেতারা বলেন, কোনো ব্যক্তির অসুস্থতা, দুর্ঘটনা কিংবা মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয়ে নিশ্চিত তথ্য ছাড়া সংবাদ বা পোস্ট প্রকাশ করা অত্যন্ত দায়িত্বহীনতার পরিচয়। এমন গুজবের কারণে শুধু সংশ্লিষ্ট ব্যক্তির পরিবার নয়, তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদেরও অযথা উদ্বেগ ও মানসিক চাপের মধ্যে পড়তে হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছেন ইলিয়াস কাঞ্চন। উন্নত চিকিৎসার জন্য গত বছরের এপ্রিলে তিনি লন্ডনে যান। সেখানে আগস্টে তার মস্তিষ্কে একটি জটিল অস্ত্রোপচার করা হয়। তবে টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে চিকিৎসকেরা জানান, তিনি ব্রেন ক্যানসারে আক্রান্ত।

বর্তমানে লন্ডনেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার কেমোথেরাপি ও ওরাল থেরাপি চলছে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন তার অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী।

তবে পরিবার ও নিসচার দেওয়া তথ্য অনুযায়ী, ইলিয়াস কাঞ্চন জীবিত আছেন এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাই যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো মৃত্যুসংবাদে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *