২০২২ সালে মুক্তি পাওয়া ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’-এর শেষদিকে অমৃতা চরিত্রে দীপিকাকে কয়েক মুহূর্তের জন্য দেখা গিয়েছিল। চরিত্রটি দেবকে ঘিরে মূল রহস্যের সঙ্গে যুক্ত হওয়ায় দ্বিতীয় কিস্তিতে তাঁর ফেরার সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা ছিল। তবে আপাতত সেই সম্ভাবনা শেষ হলো। এদিকে ‘ব্রহ্মাস্ত্র ২’-এর কেন্দ্রীয় চরিত্র শিবা হিসেবে ফিরছেন রণবীর কাপুর। প্রথম কিস্তির শেষদিকে রহস্যময় ‘দেব’ চরিত্রকে ঘিরে যে গল্পের সূত্র দেওয়া হয়েছিল, দ্বিতীয় পর্বে সেটিই আরও বিস্তৃত হবে বলে ধারণা করা হচ্ছে। রণবীরকে শিবা ও দেব দুই চরিত্রে দেখা যেতে পারে বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

রণবীর বর্তমানে নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ নিয়ে ব্যস্ত। সেটির কাজ শেষ করে ২০২৭ সালে ‘ব্রহ্মাস্ত্র ২’-এর শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। আলিয়া ভাটও ইশা চরিত্রে ফিরবেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’ মুক্তির পর থেকেই অয়ন মুখার্জির অ্যাস্ট্রাভার্সের পরবর্তী অধ্যায় নিয়ে আগ্রহ তৈরি হয়। প্রথম ছবির সাফল্যের পর দ্বিতীয় কিস্তির গল্প আরও বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা করা হয়। তবে চিত্রনাট্য ও প্রযোজনার নানা কারণে প্রকল্পটি দীর্ঘ সময় পিছিয়ে যায়।

এখন দীপিকার বাদ পড়ার খবরের পর সবচেয়ে বড় প্রশ্ন অমৃতা চরিত্রটি কি অন্য কোনো অভিনেত্রীকে দিয়ে করানো হবে, নাকি গল্প থেকেই চরিত্রটির গুরুত্ব কমিয়ে দেওয়া হবে? এ বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।












