সালমান শাহকে ঘিরে নব্বইয়ের দশকের আবেগ, আসছে ‘লাভ ৯৬’

DhallywoodFilmsUPDATE

তরুণ নির্মাতা ইভান মল্লিক পরিচালিত সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে সালমান শাহর এক অন্ধ ভক্তকে ঘিরে। নব্বইয়ের দশকে প্রিয় তারকাকে ঘিরে একজন ভক্তের আবেগ কীভাবে তার জীবনের সঙ্গে মিশে যায়, সেই গল্পই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

আগামী ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুবার্ষিকী। তার প্রয়াণের ৩০ বছর পূর্তির ঠিক দুই দিন আগে, আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার সারাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে গত ১০ মে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেয়েছে ‘লাভ ৯৬’।

নির্মাতা ইভান মল্লিকের ভাষ্য, সিনেমাটিতে বিতর্ক তৈরির মতো কোনো বিষয় রাখা হয়নি। বরং সালমান শাহকে ঘিরে দর্শকের আবেগ এবং তিন দশক আগের একটি সময়কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

সিনেমাটির গল্পের পটভূমি তৈরি হয়েছে এমন এক সময়কে ঘিরে, যখন বিনোদনের মাধ্যম আজকের মতো হাতের মুঠোয় ছিল না। ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশনে প্রিয় অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা, বন্ধুবান্ধব মিলে চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা দেখা, ভিউকার্ড সংগ্রহ কিংবা ক্যাসেট প্লেয়ার ও রেডিওতে গান শোনা এসব স্মৃতিই ছিল সেই সময়ের বিনোদনের অংশ।

ঠিক সেই সময়েই ঢালিউডে আবির্ভাব ঘটে সালমান শাহর। অল্প সময়ের ক্যারিয়ারেই তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের স্বপ্নের নায়ক। তার পোশাক, চুলের স্টাইল, অভিনয় ও পর্দার উপস্থিতি ছড়িয়ে পড়ে দর্শকের ব্যক্তিজীবনেও।

১৯৯৬ সালে সালমান শাহর আকস্মিক মৃত্যু সেই ভালোবাসাকে পরিণত করে গভীর শোকে। প্রিয় নায়কের মৃত্যুর খবর মেনে নিতে না পেরে অনেক ভক্ত চরম আবেগঘন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। সেই সময়ের ভক্তদের উন্মাদনা ও মানসিক অবস্থার একটি প্রতিচ্ছবিই পাওয়া যাবে ‘লাভ ৯৬’-এ।

সিনেমাটির মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার। রাইসা ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মো. জসিম উদ্দিন।

‘লাভ ৯৬’-এ নতুন জুটির পাশাপাশি অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকার।

সালমান শাহকে সরাসরি পর্দায় ফিরিয়ে আনার গল্প নয় ‘লাভ ৯৬’; বরং তাকে ঘিরে একটি প্রজন্মের ভালোবাসা, উন্মাদনা ও হারিয়ে যাওয়া সময়কে গল্পের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা। তাই সিনেমাটি কতটা দর্শকের সেই পুরোনো আবেগকে ছুঁতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *