ক্যানসার ফিরে এসেছে, নতুন লড়াইয়ে সামিয়া আফরিন!

UPDATE

২৩ আগস্ট রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের বর্তমান পরিস্থিতির কথা জানান সামিয়া। সেখানে তিনি বলেন, পরীক্ষার পর দ্রুত অস্ত্রোপচার করাতে হয়েছিল তাকে। পরবর্তী পরীক্ষায় চিকিৎসকেরা জানান, টিউমারটি হাই-গ্রেড কার্সিনোমা। এ কারণে বর্তমানে কেমোথেরাপি নিতে হচ্ছে তাকে।

সামিয়ার জন্য ক্যানসারের চিকিৎসা অবশ্য নতুন কোনো অভিজ্ঞতা নয়। প্রায় পাঁচ বছর ধরে এই রোগের বিরুদ্ধে লড়ছেন তিনি। তবে আগেরবার কেমোথেরাপি নিতে হয়নি। ইমিউনোথেরাপির মাধ্যমে চলেছিল তার চিকিৎসা। এবার প্রথমবারের মতো কেমোথেরাপির অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে।

চিকিৎসকেরা জানিয়েছেন, কেমোথেরাপির প্রভাবে তার চুল পড়ে যেতে পারে। বিষয়টি নিয়ে ভেঙে না পড়ে আগেভাগেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছেন সামিয়া। এমনকি চুল পড়ার আগেই নিজের লুক বদলে ছোট করে চুল কেটে নিয়েছেন তিনি।

নিজের নতুন চুলের কাটকে ঘিরে সামিয়া জানিয়েছেন, পরিবর্তনটি নিয়ে নেতিবাচকভাবে না ভেবে সেটিকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে চান। তার মতে, কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিকতাই এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন লুকের একটি ভিডিও প্রকাশ করে তিনি জানান, চুল হয়তো কয়েক দিনের মধ্যেই পড়ে যেতে পারে। তাই তার আগেই নতুন চেহারাটিকে উদযাপন করে নিজেকে কিছুটা উৎসাহ দিতে চেয়েছেন।

ক্যানসারের এই লড়াই কতটা কঠিন, সেটি যারা নিজেরা পার করেছেন তারাই সবচেয়ে ভালো বোঝেন—এমন কথাও জানিয়েছেন সামিয়া। পাশাপাশি নিজের কাছের মানুষদের যেন কখনো এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়, সেই আশাও প্রকাশ করেছেন তিনি।

এ সময় সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। চিকিৎসা শেষে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে চান তিনি।

এর আগে ২০২৫ সালের মার্চে নিজের ক্যানসার আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন সামিয়া। জানিয়েছিলেন, ২০২২ সালে তার শরীরে ক্যানসার ধরা পড়ে এবং তখন রোগটি চতুর্থ পর্যায়ে ছিল। প্রায় দুই বছর চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। পরবর্তীতে ক্যানসারে আক্রান্ত মানুষদের পাশে দাঁড়াতেও একটি ফাউন্ডেশনের মাধ্যমে কাজ শুরু করেন।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *